‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অনুষ্ঠান নিয়ে জমজমাট আয়োজন
২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি কে উপস্থাপনা করবেন?আলোচনায় উঠে এসেছে সাতজনের নাম। তাঁরা হলেন আলমগীর, আফজাল হোসেন-সুবর্ণা মুস্তাফা, রিয়াজ-পূর্ণিমা ও মৌসুমী-ফেরদৌস।জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে গত সোমবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ে এক সভার আয়োজন করা হয়। এখানে উপস্থাপক হিসেবে সাতজনের নাম প্রস্তাব করা হয়। তাঁদের মধ্য থেকে তথ্য মন্ত্রণালয় একজন অথবা দুজনকে চূড়ান্ত করবে। মনোনীত শিল্পীদের কাছ থেকে সম্মতি পাওয়ার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।অনুষ্ঠানে কী থাকছে?জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী শেষে থাকবে ৪৫ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠান শুরু হবে রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে। এই নাচের আয়োজন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। অনুষ্ঠানে গান করবেন সাবিনা ইয়াসমীন ও কুমার বিশ্বজিৎ।জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের অংশগ্রহণ থাকবে সবচেয়ে বেশি। চলচ্চিত্রশিল্পীদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতিকে। চলচ্চিত্র শিল্পী সমিতির একটি সূত্র থেকে জানা গেছে, এরই মধ্যে বিভিন্ন পর্বে শাকিব, মৌসুমী, ফেরদৌস, রিয়াজ ও অপুর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছে। মিশা সওদাগর একটি কাওয়ালিতে অংশ নেবেন। তাঁদের সঙ্গে থাকবেন আরও কয়েকজন। আর তাঁদের চূড়ান্ত করা হবে এ সপ্তাহেই।আগামী ২৩ জুলাই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯’ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। দুই ঘণ্টার এই অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।