‘জাদু এখন আইসিইউতে’: রাজীব বসাক
‘জাদু একটি শিল্প। কিন্তু এই জাদুশিল্পটি এখন আইসিইউতে রয়েছে। আপনারাই বলেন, জাদু কি বিনোদন নয়?’ভাবিনি জাদুশিল্পী রাজীব বসাক এভাবে প্রশ্নটি ছুড়ে দেবেন আমাদের দিকে। আমরা কী প্রশ্নটির উত্তর দেব—ভাবতে ভাবতে দেখা গেল মিটি মিটি হাসছেন তিনি। আড্ডার আবহে চলছে তাঁর জাদু দেখানোর প্রস্তুতি। আমাদের চোখের সামনে এর মধ্যে একটি জলজ্যান্ত পয়সাকে হাওয়া করে দিলেন! তারপর সদ্য দেখানো জাদুটির কলাকৌশলও দিলেন ফাঁস করে—‘এ জাদুটির সফলতা নির্ভর করে পুরোপুরি হাতের কৌশলের ওপর। মানুষের চিন্তা যেখানে শেষ, সেখান থেকে শুরু করাটাই হলো জাদু। এই যে মাত্রই আমি পয়সাটাকে ভ্যানিশ করে দিলাম, আপনারা মনে করছেন পয়সাটি আমি বাম হাতে রেখেছি; কিন্তু যখন আমি আপনাদের ধারণার বাইরে থেকে পয়সাটিকে বের করছি, তখনই সেটা ম্যাজিক হয়ে যাচ্ছে।’তাঁর কথাতেও যেন জাদু আছে। তাই আমাদেরও স্বীকার করতে হচ্ছে জাদু একটি শিল্প এবং মজার বিনোদন। কারণ, ততক্ষণে রাজীব বসাকের জাদুর মায়ায় আমরা মজে গেছি। প্রথম আলো কার্যালয়ে এই জাদুশিল্পী সেদিন জাদু দেখাচ্ছেন আর ফাঁকে ফাঁকে বলে চলেছেন তাঁর বেড়ে ওঠার গল্প। চট্টগ্রামের ছেলে রাজীব শৈশবে পড়তেন রূপকথার গল্প। রূপকথার গল্পে জাদুকরদের বিভিন্ন তেলেসমাতি দেখে তাঁর মনে হতো, জাদুকর সবকিছু এক তুড়িতেই করতে পারে। তারপর আরেকটু বড় হয়ে স্কুলে প্রথম দেখলেন এক জাদুকরকে—সে এক বিস্ময়ের ক্ষণ!জীবনের লক্ষ্য স্থির করে ফেললেন তিনি—জাদুশিল্পী হবেন। তবে তাঁর বাবা তো ভেবেছিলেন ছেলে চিকিৎসক বা প্রকৌশলী হবে। ‘ধরাবাঁধা কোনো নিয়মের মধ্যে নিজেকে বাঁধতে পারিনি। জাদুর জন্য একসময় বাড়ি ছেড়েছি। তারপর এক অনুষ্ঠানে জুয়েল আইচের জাদু দেখলাম। পরে যখন ঘনিষ্ঠতা হওয়ার সুযোগ ঘটল তাঁর সঙ্গে, আরও স্পষ্টভাবে বুঝলাম, জাদু কোনো ফেলনা ফুটপাতের বিষয় নয়—এর পুরোটাই বিজ্ঞানসম্মত ব্যাপার। কখনো বাঁ-হাতের কৌশল। আর বাণ, তাবিজ, টোনা বলে আমরা যেগুলোকে জানি, এগুলো স্রেফ ভাঁওতাবাজি, চালাকি।’রাজীব বসাক বলে চলেছেন। এখন দেশের অন্যতম জাদুশিল্পী তিনি। এটিএন বাংলায় পাক্ষিকভাবে প্রচারিত ‘আহা কী আনন্দ’ অনুষ্ঠানে নিয়মিতই জাদু প্রদর্শন করেন। এ পর্যন্ত জাদুর আট হাজারের বেশি প্রদর্শনী করেছেন। এর মধ্যে এখন করপোরেট শো-ই করছেন বেশি। চট্টগ্রামের একটি বিলাসবহুল ভ্রমণতরিতে জাদুশিল্পী হিসেবে কর্মরত তিনি। জাদুবিষয়ক সংগঠন ব্রাদারহুড অব ম্যাজিশিয়ানের মুখপত্র লিং কিং রিং-এ মৌলিক জাদু বিষয়ে বেশ কয়েকটি প্রবন্ধ ছাপা হয়েছে তাঁর।এত গুণ যে রাজীবের, তাঁর জাদুতে মোহিত না হয়ে কী উপায় আছে! রাজীবের জাদুতে মোহিত হয়েই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনাসহ অনেকেই তাঁর কাছে হাতেকলমে জাদু শিখেছেন—জেনে নিয়েছেন জাদুর গোপন কৌশল। এ বিষয়ে অকাতর রাজীবও। বললেন, ‘জাদু তো গোপন কিছু নয়। এই বিদ্যা সবাই-ই শিখতে পারে।’ কিছুক্ষণ নীরবতা এরপর। ‘জাদু শেখার জন্য গেছি নানা জায়গায়। তাই গ্র্যাজুয়েশন শেষ করে আর এগোতে পারিনি। আমাদের দেশে এখনো জাদুকে শিল্প হিসেবে দেখা হয় না। এ জন্য মাঝেমধ্যে খেদ কাজ করে মনে—যদি ম্যাজিক না করতাম, তাহলে হয়তো অনেক কিছু হওয়ার সম্ভাবনা ছিল আমার।’জাদুশিল্পী রাজীব বসাকের কথা শুনে আমাদেরও মনে হয়, আড্ডার শুরুতে ঠিকই বলেছিলেন তিনি। বাংলার অনেক পুরোনো শিল্প জাদু সত্যিই এখন আইসিইউতে রয়েছে।