‘জাদুর শহর’ অ্যালবামের মোড়ক খুললেন বাবা-মায়েরা
চিরকুট ব্যান্ডের নতুন অ্যালবাম জাদুর শহর এখন বাজারে। পৌঁছে গেছে অনেক শ্রোতার হাতেই। কিন্তু তার আগে মোড়ক খোলার একটি আনুষ্ঠানিকতা তো রয়েছে। চিরকুট ব্যান্ডের সদস্যরা সিদ্ধান্ত নিলেন, এই নতুন অ্যালবামের মোড়ক খুলবেন তাঁদের বাবা-মায়েরা। হয়েছেও তা-ই। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় চিরকুট তাদের দ্বিতীয় অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। এখানে চিরকুট ব্যান্ডের সদস্যদের বাবা-মায়েরা জাদুর শহর অ্যালবামের মোড়ক খোলেন এবং তাঁদের সন্তানদের জন্য সবার কাছে দোয়া চান।চিরকুটের সুমী বলেন, ‘আমাদের সবার বেড়ে ওঠা কিংবা গানের জগতে এত দূর আসার পেছনে বাবা-মায়েদের ভূূমিকা অপরিসীম। তাই আমরা সবাই আমাদের বাবা-মায়ের হাত দিয়ে অ্যালবামের মোড়ক খোলার সিদ্ধান্ত নিয়েছি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, অভিনয়শিল্পী বৃন্দাবন দাস, শাহনাজ খুশিসহ আরও অনেকে। আরও ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত রাগনে বিরতে লুন্ড এবং গ্রামীণফোন, চ্যানেল নাইন ও অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিন বছর পর বাজারে এসেছে চিরকুট ব্যান্ডের নতুন অ্যালবাম জাদুর শহর। এখানে গান আছে ১২টি। সুমী বলেন, ‘গানগুলো চিরকুটের নিজস্ব স্টাইলে করা হয়েছে। সবার কাছে অনুরোধ, সবাই যেন অ্যালবামের আসল সিডি কিনে গানগুলো শোনেন।’