‘জান কুরবান’ নিয়ে আশাবাদী শাকিব
‘এর আগেও এই প্রতিষ্ঠানের ছবিতে কাজ করেছিলাম। ছবির প্রতি এদের প্রেম আমাকে অবাক করেছিল। ছবিতে এদের যে পরিমাণ আয়োজন, তাতে আমি মুগ্ধ। আমি খুব আগ্রহ নিয়ে এদের ছবিতে কাজ করে থাকি। তার মানে, অন্যদের ছবিতে করি না তা কিন্তু নয়। ছবিতে কাজ করার জন্য যেসব উপাদান দরকার, তার সবকিছু যদি থাকে, তাহলে আমি সবার ছবিতে আনন্দ নিয়ে কাজ করি।’ বিএফডিসির ২ নম্বর ফ্লোরে বসে কথাগুলো বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান।এখানে শাকিব খান গতকাল থেকে নতুন একটি ছবির কাজ শুরু করেছেন।‘জান কুরবান’ নামের এ ছবিটি পরিচালনা করছেন এম বি মানিক। ছবিটি নিয়ে বেশ আশাবাদী শাকিব। তিনি বলেন, ‘গতকাল থেকে ছবিটির শুটিং শুরু করেছি। অত্যন্ত চমৎকার গল্পের ছবি এটি। আমার বিশ্বাস, এটি খুব ডিফারেন্ট একটা ছবি হবে। কারণ এই প্রোডাকশন হাউসের ছবির গান নির্বাচন থেকে শুরু করে, পোস্টার—সবকিছুতে বেশ একটা নতুনত্ব থাকে। আপাতত বেশ কিছুদিন এ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। শিগগিরই ছবিটির কাজ নিয়ে ঢাকার বাইরে যাচ্ছি।’জান কুরবানটা কার—এমন প্রশ্নের জবাবে হেসে শাকিব বলেন, ‘এটা পারিবারিক নানা সমস্যা নিয়ে নির্মিত সিনেমা। বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ভালোবাসাকে জয় করতে হয়। ছবিটিতে আমার সহশিল্পী হচ্ছেন অপু বিশ্বাস।’উল্লেখ্য, এবারের ঈদে শাকিব অভিনীত চারটি ছবি মুক্তি পাবে।