দৃশ্য: এক
নিউ মডেল ডিগ্রি কলেজ। সদর দরজায় কলেজের নামের নিচে লেখা আছে, স্থাপিত ১৯৮০ সাল। এফডিসির ভেতরে কলেজ—অপরিচিত পথচারী হলে থমকে যাবেন নির্ঘাত!
ছেলেমেয়েদের পদচারণে কলেজ প্রাঙ্গণটি তখন মুখর।
কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাত্ই সদর দরজা দিয়ে মোটরসাইকেল চালিয়ে দ্রুত আঙিনায় এসে থামলেন বাপ্পী ও ববি। সঙ্গে সঙ্গে তাঁদের ঘিরে ধরলেন বন্ধুরা। বাপ্পী ও ববির চোখে আতঙ্কের ছাপ। বারবার কলেজের সদর দরজার দিকে তাকাচ্ছেন দুজন। চোখে-মুখে আতঙ্কের ছাপ নিয়ে বন্ধু চিকন আলীকে বাপ্পী বললেন, ‘দোস্ত, ওকে (ববি) ভাগাইয়া নিয়ে আসলাম। ওর পরিবারের লোকজন আমাদের পিছু নিয়েছে। প্লিজ, আমাকে হেল্প কর।’
‘আরে ব্যাপার না! আমরা আছি না। জান থাকতে তোদের কোনো ক্ষতি হতে দেব না।’ চিকন আলীর সংলাপ।
ওদিকে পেছনে তাকাতেই ‘ফুপি এসে পড়েছে’—চিত্কার দিয়ে কলেজ বিল্ডিংয়ের দিকে দৌড় দিলেন ববি।
কিন্তু না, ‘কাট...কাট...। তোমরা দুজন আরেকবার যাও। প্রথম থেকে আবার আমরা আসি।’—মনিটরের পর্দার সামনে বসা পরিচালক রাজু চৌধুরীর কাছে দৃশ্যটি জুতসই হয়নি।
৮ নম্বর ফ্লোরের আঙিনাজুড়ে নিউ মডেল ডিগ্রি কলেজের সেট ফেলা হয়েছে। পুনরায় দৃশ্য ধারণের আগে পরিচালকের সঙ্গে কথা হলো। জানান, ‘তিনি ছবির নাম ইঞ্চি ইঞ্চি প্রেম। শুভ (বাপ্পী) বান্ধবী মেঘাকে (ববি) বাড়ি থেকে বের করে নিয়ে আসে কলেজে। পিছু নেয় মেঘার পরিবার। তারাও কলেজে ঢুকে পড়ে। কিন্তু কলেজের শিক্ষক-ছাত্রছাত্রীরা মেঘাকে পরিবারের হাতে তুলে দিতে নারাজ। এমন দৃশ্য পর্যায়ক্রমে ধারণ করা হচ্ছে।’
বাপ্পী বলেন, ‘ছবির গল্প প্রেমনির্ভর হলেও ঘটনা ভিন্ন—আমরা দুজন প্রেমে বিশ্বাসী নই। কিন্তু অন্যদের প্রেমে সহযোগিতা করি। একসময় সেই ফাঁদে পড়ে যাই আমরাও।’
পাশে বসা ববিও ঢুকে পড়লেন কথোপকথনে, ‘গল্পটি গত্বাঁধা নয়। চরিত্রটি আমার পছন্দ হয়েছে।’
এর মধ্যে কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়েছেন আনিসুর রহমান মিলন।
ছবিতে কি মিলনও অভিনয় করছেন?
‘আরে না। সম্প্রতি আমি ও ববি ওয়ান ওয়ে নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এ জন্য একটি পত্রিকা থেকে দুজনের ছবি তুলবে। তাই এলাম।’ মিলনের জবাব।
দৃশ্য: দুই
৩ নম্বর ফ্লোরের মুখে লোকজনের জটলা। গ্রিনরুমের দরজায় উঁকি মারছেন কেউ কেউ। ঘটনা কী!
ভেতরে বসে আছেন পরিচালক ইফতেখার চৌধুরী—নাকের ওপর ব্যান্ডেজ লাগানো। নাকে রক্তের দাগও লেগে আছে। চেহারা বিধ্বস্ত।
ইফতেখার চৌধুরীকে দেখে যে কেউ চমকে যাবে! শুটিংয়ের সময় কোনো অঘটনা ঘটেনি তো?—এসব যখন ভাবছি, তিনি নিজ থেকেই বিষয়টি খোলাসা করলেন তখন। ‘চিন্তার কারণ নেই—অগ্নি নামের নিজের ছবিতে নিজেই অভিনয় করছি। পাঁচজন কিলারের একজন আমি। নাকের ওপর এসব শুটিংয়ের জন্য।’ হেসে উঠলেন ইফতেখার চৌধুরী।
পাশের চেয়ারে তখন চাদরে মুখ ঢেকে ঘুমাচ্ছেন ছবির নায়িকা মাহি। কোনো সাড়াশব্দ নেই। পরিচালক বললেন, ‘সকাল থেকে টানা মারপিটের দৃশ্য করেছে মাহি। এ জন্য হয়তো ক্লান্ত।’
গ্রিনরুম থেকে বেরিয়ে ক্লান্তি জাগে আমাদেরও।