
‘এনজি শট’ মানে ‘নট গুড শট’। অভিনয়শিল্পীরা শুটিংয়ের সময় প্রায়ই এ ঘটনার মুখোমুখি হন। সেই অভিজ্ঞতা কখনো বিরক্তির, কখনো মজার, আবার কখনোবা মধুর। এই বিভাগে আজ জেনে নিন আরিফিন শুভর দুটি এনজি শটের মজার স্মৃতি।
এই তো সেদিনের ঘটনা! বান্দরবানে প্রেমী ও প্রেমী ছবির শুটিং হচ্ছিল। আমার আর নুসরাত ফারিয়ার একটি শট ছিল। এই দৃশ্যে ফারিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় সংলাপ বলতে হবে, কিন্তু পরিস্থিতিটা থাকবে রোমান্টিক। যেহেতু নেশাগ্রস্ত অবস্থায় সংলাপ বলতে হবে, তাই সংলাপগুলোও হয়ে যাবে এলোমেলো। অন্যদিকে, ফারিয়ার সঙ্গে আমাকে আবেগময় সংলাপ দিতে হবে।
শটটি নেওয়া শুরু হলে সংলাপ বলতে গিয়ে ফারিয়ার কথাবার্তা এতটাই এলোমেলো হচ্ছিল যে আমি আর সংলাপ বলতে পারছিলাম না। তাঁর সংলাপ শুনে বারবার আমার হাসি চলে আসছিল। হাসি আসায় বেশ কয়েকবার শট নষ্ট হলো। এরপর অনেক ধৈর্য ধরে, কষ্ট করে শেষ পর্যন্ত দৃশ্যটি শেষ করি। ‘ওকে’ হলে দুজনের আরেক দফা হাসি। সেই হাসি ইউনিটের সবার মধ্যে ছড়িয়ে পড়ে।
আরেকটি ঘটনা বলি। ছুঁয়ে দিলে মন ছবির শুটিংয়ের সময়কার ঘটনা। সিলেটের ছাতক সিমেন্ট ফ্যাক্টরির একটি পিলারের ওপর দাঁড়িয়ে শট দিতে হবে আমাকে। পিলারের উচ্চতা ছয়-সাততলা বিল্ডিংয়ের সমান হবে। নিচ দিয়ে নায়িকা যাবে, আমি পিলার থেকে চিৎকার করে তাকে ডাকব। পরিচালক বারবারই বলছিলেন, শটটি এনজি করা যাবে না।
একদম নিচ থেকে ওয়াইড অ্যাঙ্গেলে শটটি নেওয়া হচ্ছে। কিন্তু প্রথমবারই তা এনজি হয়ে গেল। দৃশ্যটি নেওয়ার পর পরিচালক জানালেন, আমাকে নাকি ক্যামেরায় পুরোপুরি পাওয়া যাচ্ছে না। তিনি জানালেন পিলারের আরও কিনারায় গিয়ে দাঁড়াতে হবে। এ কথা শুনে আমার তো জান যায় যায় অবস্থা! ভয়, শঙ্কা নিয়েই পিলারের কিনারায় গিয়ে দাঁড়ালাম। আবারও এনজি। ততক্ষণে বুকের মধ্যে ধড়ফড় শুরু হয়ে গেছে। তৃতীয়বারের বেলায় দৃশ্যটি ‘ওকে’ হয়। তারপর হাঁফ ছেড়ে বাঁচি!
অনুলিখন: শফিক আল মামুন