'জার্নি অব আ গ্রেট মাস্টার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ছাপচিত্র মাধ্যমের প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি ছাপচিত্রকে উৎকর্ষমণ্ডিত করার পাশাপাশি রেখাচিত্র, তেলচিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও অনুশীলন করে গেছেন সারা জীবন। ২৩ জুন বরেণ্য এ শিল্পীর ৯২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ধানমন্ডির গ্যালারি চিত্রকে গতকাল শুক্রবার শুরু হয়েছে বিশেষ চিত্র প্রদর্শনী।
শিল্পগুরুর জন্মদিন ঘিরে আয়োজিত প্রদর্শনীটি তিন কারণে ব্যতিক্রম। গ্যালারির কক্ষে শিল্পগুরুর ছেলে শিল্পী আহমেদ নাজিরের সাম্প্রতিক কিছু ছাপচিত্র রয়েছে। ‘জার্নি অব আ গ্রেট মাস্টার’ শিরোনামের প্রতিটি চিত্রকর্মই সৃষ্টি হয়েছে শিল্পগুরুকে কেন্দ্র করে৷ প্রদর্শনীর অন্য পাশে রয়েছে শিল্পগুরুর শিক্ষাজীবনের কিছু জলরংসহ বিভিন্ন সময়ের তেলরঙে করা প্রাকৃতিক দৃশ্য এবং ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমের অসাধারণ কয়েকটি শিল্পকর্ম। পাশাপাশি রয়েছে ত্রিশ ও চল্লিশের দশকের খ্যাতনামা শিল্পীদের কিছু চিত্রকর্ম। গতকাল সন্ধ্যায় যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও রফিকুন নবী। চিত্রকের নির্বাহী পরিচালক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বুলবন ওসমান, আহমেদ নাজির প্রমুখ।
প্রদর্শনীতে সফিউদ্দীন আহমেদ ও আহমেদ নাজিরের শিল্পকর্ম ছাড়াও রয়েছে সফিউদ্দীন আহমেদের শিক্ষক আবদুল মঈন, মুকুল দে এবং তাঁর সহপাঠী ও বন্ধু এস এন ঘোষাল, হরেন দাস, মুরলি ধর টালি, সুশীল দাস, সুশীল চন্দ্র সেন প্রমুখের নানা মাধ্যমে আঁকা চিত্রকর্ম। এ শিল্পকর্মগুলো সফিউদ্দীন আহমেদ সংগ্রহ করেছিলেন। প্রদর্শনীটি আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে৷