'জালালের গল্প' দিয়েই শেষ হচ্ছে কম্বোডিয়ার উৎসব

ফিনোম পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে দেখানো হবে বাংলাদেশের ছবি ‘জালালের গল্প’। এ ছবির পরিচালক আবু শাহেদ ইমন প্রথম আলোকে জানিয়েছেন, ‘এই উৎসবের সমাপনী ছবি নির্বাচিত হয়েছে ‘জালালের গল্প’।’ তিনি বলেন, ‘দেশের চলচ্চিত্রের জন্য এটি সম্মানজনক এক অর্জন।’
তবে ওই দিন উৎসবে উপস্থিত থাকতে পারছেন না আবু শাহেদ ইমন। ১২ থেকে ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে ৮ম ফিলাডেলফিয়া এশিয়ান আমেরিকান চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন তিনি। ওই উৎসবে আগামী ১৫ নভেম্বর প্রদর্শিত হবে ‘জালালের গল্প’।
বিষয়বৈচিত্র্য ও মৌলিক নির্মাণশৈলীর ওপর ভিত্তি করে এ বছর এই উৎসব উপলক্ষে সারা বিশ্ব থেকে তিন শ ছবি থেকে বাছাই করা হয়েছে ৫৭টি ছবি। এগুলোর মধ্যে বিভিন্ন বিভাগে রয়েছে স্বল্পদৈর্ঘ্য, কাহিনিচিত্র এবং প্রামাণ্যচিত্র। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ১৪টি। ১১ দিনের এ উৎসবে বাংলাদেশ সহ দেখানো হচ্ছে যুক্তরাষ্ট্র, কম্বোডিয়া, কাজাখস্তান, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া এবং যুক্তরাজ্যের চলচ্চিত্র। বাংলাদেশের ‘জালালের গল্প’ ছাড়াও উৎসবের ৬ষ্ঠ দিন দেখানো হবে রুবাইয়াত হোসেন পরিচালিত ছবি ‘আন্ডার কন্সট্রাকশন’।

২০১৪ সালের অক্টোবরে বুসান উৎসবের নবীন নির্মাতাদের প্রতিযোগিতা বিভাগ ‘নিউ কারেন্টস’-এ বিশ্ব প্রিমিয়ার করে ‘জালালের গল্প’। এর পর গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতের গোয়া ও জয়পুর, ইরানের ফজর, ফিজির রাজধানী সুভা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ভারতের উৎসব, পর্তুগালের আভাঙ্কা, কানাডার মন্ট্রিয়েল ওয়ার্ল্ড এবং জার্মানির ম্যানহেইম-হেইডেলবার্গের মতো সম্মানজনক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে প্রশংসিত হয়েছে এই ছবিটি। ২০১৬ সালে বিদেশি চলচ্চিত্র বিভাগে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছে ছবিটি। বুসান উৎসবের ‘এশিয়ান সিনেমা ফান্ড’ পেয়ে নির্মিত হয় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘জালালের গল্প’।
চলতি বছরের ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর গত ৮ সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ‘জালালের গল্প’। দেশের সাধারণ দর্শক, মিডিয়াকর্মী ও সমালোচকদের কাছ থেকেও সাড়া পেয়েছে এই ছবিটি। সামনের ডিসেম্বর মাসের শেষ দিকেও দেশের বিভিন্ন জেলায় ছবিটি আবারও দেখানো হবে। সেসময় ছবির পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের ছবিটি নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন সাধারণ দর্শকেরা।