'জিরো ডিগ্রি' রেডিওতে

শীত আরেকটু গাঢ় হলেই আসবে জিরো ডিগ্রি—এমনটাই জানিয়েছিলেন ছবিটির প্রযোজক ও অভিনেতা মাহফুজ আহমেদ। এবার নতুন খবর হলো, ছবি মুক্তির আগে এবিসি রেডিওতে মিলবে এ ছবির যাবতীয় খবরাখবর। কারণ, অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রি ছবির রেডিও পার্টনার হলো এফএম স্টেশন এবিসি রেডিও ৮৯.২।
গত সোমবার এ বিষয়ে ছবির পরিবেশক প্রতিষ্ঠান পেন্ট হাউস প্রডাকশন এবং এবিসি রেডিওর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে এবিসি রেডিও জিরো ডিগ্রি সিনেমার গান, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের বিশেষ সাক্ষাৎকারসহ ছবিসংক্রান্ত কিছু বিশেষ খবর প্রচারের স্বত্ব পায়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেন্ট হাউস প্রডাকশনের কর্ণধার এ কে এম আনসারুল আলম, এবিসি রেডিওর প্রধান পরিচালনা কর্মকর্তা সানাউল্লাহ, অনুষ্ঠানপ্রধান ইকরাম কবীর, ছবির নির্মাতা অনিমেষ আইচ ও নকশীকাথা কমিউনিকেশনসের বান্টি মীর।