‘জীবনঢুলী’র শুটিং শুরু
তানভীর মোকাম্মেলের নতুন ছবি জীবনঢুলীর শুটিং শুরু হলো ১০ অক্টোবর। শুরুতে ছবির কাজ হয়েছে সাভারের নয়ারহাটের মাধবগঞ্জ গ্রামের বটতলায়। গত শনিবার থেকে বংশাই নদীতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নিম্নবর্ণের এক গরিব ঢাকি জীবনকৃষ্ণ দাসের অভিজ্ঞতার গল্প নিয়ে ছবিটি। ‘জীবনঢুলী’ চরিত্রে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ।শনিবার শুটিংয়ের ফাঁকে তানভীর মোকাম্মেল বলেন, ‘আমাদের প্রতিটি ছবির পেছনে একটি বড় পরিকল্পনা ও গবেষণা থাকে। জীবনঢুলীর ক্ষেত্রেও তা-ই হয়েছে। এই ছবিতে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ৩০ জন শিক্ষার্থী বিভিন্নভাবে কাজ করছেন।’সরকারি অনুদানের এই ছবিতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, তবিবুল ইসলাম, রহমত আলী, ওয়াহিদা মল্লিক, চিত্রলেখা গুহ, প্রাণ, জ্যোতিকা জ্যোতি, ইকবাল হোসেন, পরেশ আচার্য, উত্তম গুহ প্রমুখ। ছবির চিত্রগ্রহণের কাজ করছেন মাহফুজুর রহমান খান, শিল্প নির্দেশনায় রয়েছেন উত্তম গুহ এবং সংগীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী।জীবনঢুলী তানভীর মোকাম্মেলের ষষ্ঠ কাহিনিচিত্র। এর আগে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তিনি তৈরি করেন নদীর নাম মধুমতী ও রাবেয়া। মুক্তিযুদ্ধের ওপর তাঁর তৈরি তথ্যচিত্রগুলো হলো: ১৯৭১, তাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথী, স্মৃতি ’৭১ ও একটি গলির আত্মকাহিনি।