'জীবনের জয়গান'-এ সম্মানিত হবেন তিন গুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফজাল এইচ চৌধুরী, ববিতা, আলাউদ্দীন আলী
আফজাল এইচ চৌধুরী, ববিতা, আলাউদ্দীন আলী

আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরী, সুরস্রষ্টা আলাউদ্দীন আলী ও অভিনেত্রী ববিতা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-দ্য ডেইলি স্টার আয়োজিত ‘জীবনের জয়গান’ প্রতিযোগিতার ২০১৫ সালের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁদের আজীবন সম্মাননায় সম্মানিত করা হবে। ১০ জানুয়ারি রোববার বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি হবে।
এই অনুষ্ঠানে গত বছর অনুষ্ঠিত জীবনের জয়গান-২০১৫ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বরাবরের মতো এ বছরও পুরস্কার প্রদান অনুষ্ঠানের একটি অংশে থাকবে আজীবন সম্মাননা প্রদান, যেখানে এই তিন গুণীকে সম্মাননা দেবেন ‘জীবনের জয়গান’ (সেলিব্রেটিং লাইফ) প্রতিযোগিতার আয়োজকেরা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান অংশে সংগীত পরিবেশন করবেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন ও গানের দল চিরকুট।
আট বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ‘সেলিব্রেটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’ প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এতে অংশ নিতে চাইলে অনলাইনে নিবন্ধন অথবা দ্য ডেইলি স্টার সেন্টার থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে হবে। অনলাইন নিবন্ধনের জন্য যেতে হবে www.imdhaka.com/celebratinglifebd ওয়েবসাইটে।