'জীবনের সেরা সময় পার করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপূর্ব
অপূর্ব

অভিনয়শিল্পী অপূর্ব। চলচ্চিত্রেও অভিনয় করেছেন। আজ রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ছোট্ট পাখি। সাখাওয়াৎ মানিকের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব। কথা হলো তাঁর সঙ্গে
কেমন আছেন?
জীবনের অন্যতম সেরা সময় পার করছি
কেন?
২৭ জুন ছিল আমার জন্মদিন। সেদিনই আমি বাবা হই। বাবা হওয়ার এ আনন্দ কাউকে বলে বোঝাতে পারব না।
বাবা হওয়ার পর কাজকর্ম থেকে ছুটি নিয়েছিলেন...
নিয়েছিলাম ঠিকই। কিন্তু এখন সবার ঈদের কাজ। আমার কারণে কয়েক দিন তাঁদের বসে থাকতে হয়েছে। নির্মাতাদের আর ভোগাতে চাইছি না। তাই মঙ্গলবার থেকে শুটিংয়ে ফিরেছি।
অভিনয়শিল্পী অপূর্বর যার অভিনয় ভালো লাগে...
আমাদের দেশে গোলাম মুস্তাফা, হুমায়ুন ফরীদি, আসাদুজ্জামান নূর, আলী যাকের ও নাজমা আনোয়ার—তাঁদের অভিনয়ের গুণমুগ্ধ ভক্ত আমি। দুঃখজনক হলেও সত্য যে ইচ্ছা থাকলে প্রিয় অভিনেতাদের অনেকের সঙ্গে এখন আর অভিনয় করা সম্ভব না। কারণ, তঁাদের মধ্য থেকে কেউ আমাদের ছেড়ে চলে গেছেন আবার যাঁরা বেঁচে আছেন, তাঁরাও অভিনয় এখন খুব একটা করেন না। হুমায়ুন ফরীদির সঙ্গে অভিনয় করতে পেরে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হয়েছে।
সর্বশেষ যে ছবিটি দেখে মুগ্ধ হয়েছি...
আমার দেখা সর্বশেষ সিনেমা হচ্ছে দ্য শশাঙ্ক রিডেম্পশন। টিম রবিন্স ও মরগান ফ্রিম্যানের এই ছবিটি আমি বারবার দেখি। এ ছাড়া সময় সুযোগ পেলেই পারফিউম দ্য স্টোরি অব মার্ডারার ছবিটি দেখি।
বই পড়ার অভ্যাসটা কেমন....
আগে প্রচুর বই পড়া হতো। এখন নাটকের কাজে এত বেশি ব্যস্ত থাকতে হয় পড়ার খুব একটা সময় পাই না। তবে গল্প, উপন্যাসনির্ভর নাটকে কাজ করা হলে তখন অবশ্য পড়া হয়। ইদানীং সুযোগ পেয়ে সর্বশেষ হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প উপন্যাসটি পড়েছি। তিনি আমার প্রিয় লেখকদের একজন।
আজ ছোট্ট পাখি নাটকটি দেখানো হবে....
কিছুদিন আগে নাটকটির শুটিং করেছিলাম। গল্পটা অসাধারণ। আর নির্মাণটাও ভালো ছিল। তবে এই নাটকে আমার মেয়ের চরিত্রে অভিনয় শিশুশিল্পী রুশা। তাঁর অভিনয় আমাকে মুগ্ধ করেছে।
বিনোদন প্রতিবেদক