‘জুতা আবিষ্কার’ অবলম্বনে নাটক ‘মগজ সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতাটি মূলত শিশু-কিশোরেরা স্কুলে অভিনয় করে থাকে। জুতা আবিষ্কারের মোড়কটা আপাতদৃষ্টিতে ছোটদের মনে হলেও এর রূপটা ধরা দিয়েছে একটা স্বচ্ছ রাজনৈতিক প্রহসনে। কবিগুরু ক্ষমতাধারী মানুষের চিরকালীন ছবি এঁকেছেন অসাধারণ রসময়তায়। তাঁর ‘জুতা আবিষ্কার’ কবিতা অবলম্বনে থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক মগজ সমাচার। গতকাল শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটকটি।নাটকটি লিখেছেন হাসান শাহরিয়ার, নির্দেশনায় আছেন সাইফ সুমন। এক রাজার অন্তঃসারশূন্য রাজপরিষদ নিয়ে তৈরি এ নাটকে দেখা যায়, মন্ত্রীদের নির্বুদ্ধিতার কারণে একটা সাধারণ সমস্যার সমাধান হয় না। তারা সারাক্ষণ রাজার চাটুকারিতা করেই সময় পার করে। কিন্তু একজন সাধারণ চর্মকার সেই সমস্যা সমাধান করে দেয়। রূপকভাবে নাটকটি বলতে চেয়েছে, বর্তমান কালেও এমন রাজপরিষদ নিয়ে রাজ্য পরিচালিত হচ্ছে। এ যুগেও দেখা যায়, রাজপরিষদের সদস্যরা রাজ্যের সমস্যা সমাধানের চেয়ে বিড়ম্বনাই শুধু বাড়িয়ে দেয়। মগজ সমাচার নাটকটি থিয়েটার আর্ট ইউনিটের ১৫তম প্রযোজনা।এ নাটকে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, তারেকুল ইসলাম, সাথী রঞ্জন দে, সাজেদ মল্লিক, কামারুজ্জামান মিল্লাত, তানিয়া চৌধুরী প্রমুখ।চন্দ্রাবতীর ‘শুধুই রবীন্দ্রনাথ’রবীন্দ্রনাথের চেতনাকে নিজের মধ্যে ধারণ করা সহজ কথা নয়। এর জন্য আগে রবীন্দ্রনাথ পড়তে হবে। তাঁর লেখা ও জীবন সম্পর্কে জানতে হবে। এক পরিচয়ে যে তাঁকে এক জনমের সেরা ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা যায়, তা না পড়লে বোঝা যাবে কীভাবে? সেই জন্য রবীন্দ্রনাথ যা লিখেছেন, রবীন্দ্রনাথকে নিয়ে যা লেখা হয়েছে, সেসব পড়তে হবে। তারপর সেই চিন্তাকে নিজের মধ্যে লালন করতে হবে।গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এভাবেই রবীন্দ্রানুরাগী বিশিষ্ট ব্যক্তিরা পড়ার ওপর জোর দিয়েছেন। কাল সেখানে মোড়ক উন্মোচন হয় চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত শুধুই রবীন্দ্রনাথ গ্রন্থটির। এটি সম্পাদনা করেছেন শাহাবুদ্দিন নাগরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী; বক্তব্য দেন হায়াৎ মামুদ, সফিউদ্দিন আহমেদ ও কামরুজ্জামান।বছরজুড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা ও সাময়িকীতে নানা লেখা প্রকাশিত হয়। তারই ধারাবাহিকতায় এবারের ২৫ বৈশাখ কবিগুরুর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পত্রিকায় নানা বিষয় ও বৈচিত্রময় লেখা প্রকাশিত হয়েছে। সেসব থেকে ২৫টি লেখা বেছে নিয়ে সংকলিত হয়েছে রবীন্দ্রসংকলন শুধুই রবীন্দ্রনাথ। বইটির ভূমিকা লিখেছেন এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। মুহাম্মদ হাবিবুর রহমান, আবদুল গাফ্ফার চৌধুরী, মুস্তাফা নূরউল ইসলাম, আহমদ রফিক, সন্জীদা খাতুন, ফজল শাহাবুদ্দিন, আবদুল মান্নান সৈয়দ, হায়াৎ মামুদ, সৈয়দ আবুল মকসুদ, সৈয়দ মনজুরুল ইসলামসহ মোট ২৫ জন লেখকের লেখা স্থান পেয়েছে বইটিতে।বজলুর রহমানের ৭০তম জন্মদিন প্রয়াত সাংবাদিক বজলুর রহমানের ৭০তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বজলুর রহমান ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, ফাউন্ডেশনের মহাসচিব কাশেম হুমায়ুন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংবাদ-এর সম্পাদক আলতামাশ কবির প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বজলুর রহমান সমাজের কল্যাণে আদর্শ ও দর্শন দিয়ে গেছেন। তিনি যে চিন্তা করতেন তা বাস্তবে রূপদানে সক্ষম ছিলেন। চিন্তা-ভাবনা, আদর্শ ও কর্মজীবনে তিনি ছিলেন স্থিতিশীল ও পরমতসহিষ্ণু। প্রতিকূল পরিবেশে কীভাবে সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তা বজলুর রহমান দেখিয়েছেন। পেশার জগৎ ও আদর্শের সঙ্গে তিনি কখনো আপস করেননি। আলোচনা সভা শেষে কচি-কাঁচার মেলার খুদে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আজ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের বর্ষার গানজাতীয় রবীন্দ্রসংগীত সন্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ অনুষ্ঠিত হবে ‘বর্ষার গান’ শীর্ষক সংগীতানুষ্ঠান। সন্ধ্যা সাতটায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পীরা বর্ষার গান পরিবেশন করবেন।