‘জুতা-আবিষ্কার’ নিয়ে ‘মগজ সমাচার’
কহিলা হবু, ‘শুন গো গোবুরায় কালিকে আমি ভেবেছি সারা রাত্র,মলিন ধুলা লাগিবে কেন পায় ধরণী-মাঝে চরণ ফেলা মাত্র।... রবীন্দ্রনাথের ‘জুতা-আবিষ্কার’ কবিতার এই পঙিক্তগুলো বহুল পরিচিত। স্কুলের পাঠ্যবই থেকে শুরু করে নানা সময় নানাভাবেই কাবিতাটি বাঙালি পাঠকের পড়া। শিশু-কিশোরেরা তো স্কুলে মহা উৎসাহ নিয়ে এ কবিতা অবলম্বনে নাট্যাভিনয়ও করে থাকে।আপাতদৃষ্টিতে জুতা আবিষ্কারের মোড়কটা শিশুতোষ, হাস্যরসাত্মক মনে হলেও এর ভেতরে রয়েছে একটা গভীর রাজনৈতিক বক্তব্য। কবি ক্ষমতাধর মানুষের চিরকালীন ছবি এঁকেছেন এই কবিতায়। সেই দর্শনটাই তুলে এনেছে থিয়েটার আর্ট ‘জুতা-আবিষ্কার’ কবিতা অবলম্বনে তাদের নতুন নাটক মগজ সমাচার-এ। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। এর নাট্যরূপ দিয়েছেন হাসান শাহরিয়ার, নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।‘জুতা-আবিষ্কার’ কবিতাটি পড়লে আমাদের মানসপটে কবিতার চরিত্রগুলো যেভাবে মূর্ত হয়, সেভাবেই তাদের তুলে আনা হয়েছিল মঞ্চে। রাজকীয় পোশাক-পরিচ্ছদ। কখনো কবিতার চরণ দিয়ে সংলাপ, আবার কখনো পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে নতুন করে লেখা গদ্যের সংলাপ। হাস্যরসে নাটকটি হয়ে উঠেছিল দারুণ উপভোগ্য।মগজ সমাচার নাটকে রাজার অন্তঃসারশূন্য এক রাজপারিষদ ও চাটুকারদের নির্বুদ্ধিতা তুলে ধরা হয়েছে। তাদের মোসাহেবিতে একটা সাধারণ সমস্যার সাধারণ সমাধান যে কত জটিল হয়ে ওঠে, তা-ই দেখানো হয়েছে। অথচ একজন সাধারণ চর্মকার তাঁর সহজ বুদ্ধিতে জটিল সমস্যার সহজ সমাধান করে দিয়ে দেখিয়ে দিলেন ক্ষমতাবানদের অন্তঃসারশূন্যতাকে। হবুচন্দ্র-গবুচন্দ্রদের ধারাবাহিকতা যে এখনো আমাদের সমাজে রয়ে গেছে বিভিন্ন পর্যায়ে, নাটকে সেই দিকটিই তুলে ধরা হয়েছিল।নাটকে অভিনয় করেছেন প্রশান্ত হালদার, তারেকুল ইসলাম, তোড়া সাহা, সাথী রঞ্জন দে, সাজেদ মল্লিক, সুজন লেমন, কামারুজ্জামান মিল্লাত, তানিয়া চৌধুরী প্রমুখ। মগজ সমাচার নাটকটি থিয়েটার আর্ট ইউনিটের ১৫তম প্রযোজনা।টোকাই নাট্যদলের ‘মেজদিদি’চ্যানেল আইয়ের এক যুগে পদার্পণে নয় দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে গতকাল ছিল নাটক, গান, নৃত্যনাট্য, আলোকচিত্র প্রদর্শনী ও ক্ষুদে গানরাজের শিল্পীদের অনুষ্ঠান।গতকাল বিকেলে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে ছিল টোকাই নাট্যদলের পরিবেশনায় নাটক মেজদিদি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আতাউর রহমান ও লাকী ইনাম। একই সময় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজন করা হয় আলোকচিত্র প্রদর্শনী ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান। আলোকচিত্র প্রদর্শনী যৌথভাবে উদ্বোধন করেন রশীদ তালুকদার ও আলী যাকের। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শামসুল হক ও হাবীবুল্লাহ সিরাজী।সন্ধ্যায় বেঙ্গল গ্যালারিতে আয়োজিত সংগীতানুষ্ঠানে গান করেন ফেরদৌস আরা ও গানের সংগঠন সুরসপ্তরে শিল্পীরা। বিশেষ অতিথি ছিলেন সুধীন দাস ও আসাদ চৌধুরী।লাক্স-চ্যানেল আই সুপারস্টারলাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ঢাকা অডিশনের গতকাল ছিল দ্বিতীয় দিন। গুলশানের একটি বাণিজ্যিক মিলনায়তনে দিনভর অনুষ্ঠিত অডিশনে প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেন। দিন শেষে ২১ জন পরবর্তী পর্বে যাওয়ার মনোনয়ন পেয়েছেন।এ ছাড়া গতকাল রাজশাহী বিভাগেও অডিশনের আয়োজন করা হয়েছে। নগরের একটি চায়নিজ রেস্তোরাঁয় আয়োজিত প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেয়েছেন ১৫ জন।