ঢাকঢোল বাজিয়ে ঘটা করে গতকাল শুক্রবার শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ১৮তম জাতীয় সম্মেলন। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী ঢাকঢোলের এই বাজনাকে ‘স্তব্ধতা ভাঙার প্রতীক’ আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশ এখন বন্ধ্যত্ব ও বিভ্রান্তির কাল অতিক্রম করছে। তাই উদীচীর মতো সংগঠনগুলোর সক্রিয়তা প্রয়োজন।বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঐতিহ্যবাহী এ সাংস্কৃতিক সংগঠনের দুই দিনের সম্মেলন উদ্বোধন করেন ১৯৯৯ সালে যশোরে উদীচীর দ্বাদশ সম্মেলনে বোমা হামলায় আহত পাঁচ শিল্পী-কর্মী। এঁরা হলেন: সুকান্ত দাস, হরেন গোঁসাই, মোহাম্মদ নাহিদ, সমীর বিশ্বাস ও লিয়াকত আলী। তাঁরা ১৮টি বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। জাতীয় সংগীতের সঙ্গে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী জাতীয় পতাকা এবং উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ ইদু সংগঠনের পতাকা উত্তোলন করেন। উদ্বোধকদের পক্ষে সুকান্ত দাস সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শিল্পী-সংগ্রামী সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তের গড়ে তোলা উদীচী আদর্শিক সংগ্রামে একটুও পিছপা হয়নি।উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা এবং উদীচীর সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ সেলিমসহ জোটবদ্ধ সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতারা।‘জেগে আছি অহর্নিশ, অতন্দ্র প্রহর, দেব না গড়তে ঘাঁটি, ভিড়তে নৌবহর’ শীর্ষক স্লোগানের মধ্য দিয়ে এবারের সম্মেলন থেকে সাম্রাজ্যবাদ-বিরোধী আন্দোলন গড়ে তোলার প্রত্যয় জানানো হয়েছে।সারা দেশ থেকে আসা উদীচীর ৩০০ শাখার নির্বাচিত প্রতিনিধি ও পর্যবেক্ষকেরা উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর শোভাযাত্রা বের করেন। শুধু আনন্দ-উচ্ছ্বাস নয়, শোভাযাত্রায় উদীচী কর্মীদের উপস্থাপনায় মূর্ত হয়ে ওঠে কক্সবাজারের রামু ও উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর তাণ্ডব। উপস্থাপিত হয় যুদ্ধাপরাধের বিচার ও রায় বাস্তবায়নের দাবি।শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এসে শেষ হয় শোভাযাত্রা। এখানে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়াও সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি তপন মাহমুদ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম।সব শেষে সন্ধ্যায় সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়। আজ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যারাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরে গতকাল শুক্রবার শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমীর আয়োজনে এ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’ শিরোনামের এই অনুষ্ঠানে শিমুল মুস্তাফা বলেন, বাঙালির চিন্তা, চেতনা, সংস্কৃতি, ইতিহাস এবং বোধের মিলন মেলা হলো কবিতা। কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, হেলাল হাফিজ, সংগীতশিল্পী আবিদুর রেজাসহ বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার মানুষ প্রাণ মি. ম্যাংগো ক্যান্ডি নিবেদত আবৃত্তি সন্ধ্যাটি উপভোগ করেন। তিতাস একটি নদীর নাম এক অনন্য সৃষ্টিতিতাস একটি নদীর নাম এক অনন্য সৃষ্টি। গত শতকের চল্লিশের দশকের গুরুত্বপূর্ণ লেখক অদ্বৈত মল্লবর্মণ এই উপন্যাস রচনা করে বাংলা সাহিত্যে অমর হয়ে রয়েছেন—বললেন অধ্যাপক আনিসুজ্জামান।কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের জন্মশতবর্ষের প্রাক্লগ্নে তাঁকে নিয়ে রচিত অদ্বৈত মল্লবর্মণ: ব্রাত্য জীবনের ব্রাত্য কথাকার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন।গতকাল শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। গবেষণাধর্মী বইটি লিখেছেন ভারতের ত্রিপুরার লেখক ও প্রাবন্ধিক বিমল চক্রবর্তী। বইটি প্রকাশ করেছে ত্রিপুরার অক্ষর পাবলিকেশনস। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, হিন্দুদের নিম্নবর্ণ ‘মালো’ সম্প্রদায়ে জন্ম নিয়েছিলেন অদ্বৈত মল্লবর্মণ। শৈশব ও কৈশোরে খুব কাছ থেকেই তিনি প্রত্যক্ষ করেছেন মৎস্যজীবী মানুষের জীবন-সংগ্রাম। তাই ধীবর সমাজের (মৎস্যজীবী) কঠোর জীবনসংগ্রামকেই অসাধারণ বর্ণনায় জীবন্ত করে ফুটিয়ে তুলেছেন এ কালজয়ী লেখক। বইয়ের প্রকাশক শুভব্রত দেব বলেন, লেখক অদ্বৈত মল্লবর্মণের অখণ্ড চেতনাকে গ্রন্থাগারে সন্নিবেশ করেছেন। বইটির প্রচ্ছদ এঁকেছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী।