সুজিত মোস্তফা । নজরুলসংগীতশিল্পী, সংগঠক ও গবেষক। নজরুলসংগীতশিল্পী পরিষদের সাধারণ সম্পাদক। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই সংগঠনটি এখন আয়োজন করছে ‘নজরুল উৎসব’।

নজরুল উৎসব...
এরই মধ্যে বিভাগীয় শহর খুলনা, বরিশাল, রাজশাহী আর সিলেটে আমরা ‘নজরুল উৎসব’ আয়োজন করেছি। ২৮ মে চট্টগ্রামে আর ৫ জুন রংপুরে ‘নজরুল উৎসব’ হবে। উৎসব হচ্ছে মার্চ থেকে। এবারই প্রথম আমরা এই উৎসব আয়োজন কেরছি। সামনে জেলায় জেলায় আমরা এই উৎসব করব।
উৎসবে থাকছে...
নজরুলবিষয়ক প্রবন্ধ উপস্থাপন, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের পাশাপাশি ঢাকার শিল্পীদের পরিবেশনায় গান, নাচ আর আবৃত্তি।
স্কুলে স্কুলে নজরুলের গানের প্রশিক্ষণ...
দেশের বিভিন্ন স্কুলে নজরুলসংগীত থেকে একটি গান শেখাচ্ছি৷ গানটি হলো ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’। ২০০টি স্কুলে আমরা এই প্রশিক্ষণ দিয়েছি। সামনে আরও ২১০টি স্কুলে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
স্কুলের শিক্ষার্থীদের জন্য আরও কিছু...
কাজী নজরুল ইসলাম কিছু দর্শন নিয়ে কাজ করেছেন। যেমন মানবতা, প্রেম, সাম্যবাদ, শোষণমুক্ত সমাজব্যবস্থা, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, অসাম্প্রদায়িকতা, নারী স্বাধীনতা, শিক্ষা সংস্কার, কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ, আধুনিকতা, নৈতিকতা এবং স্বাধীনতা। স্কুলের ছেলেমেয়েদের গানের ওপর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আমরা এই দর্শনগুলো ছড়িয়ে দিচ্ছি। যদি সবাই এই দর্শনগুলো ধারণ করে, তাহলে অবশ্যই ভবিষ্যতে আমরা ভালো মানুষ আরও উন্নত ও সুন্দর একটি সমাজ পাব।
নজরুলজয়ন্তী...
২৫ মে নজরুলজয়ন্তী। আমরা নজরুলজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান করব ২৭ মে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এই অনুষ্ঠান হবে।