‘জোর’ ও ‘বদলা’ ব্যর্থতার পর আসছে ‘সংগ্রাম’
বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি প্রদর্শনের প্রক্রিয়া হিসেবে ‘জোর’ ও ‘বদলা’ ছবি দুটি এরই মধ্যে মুক্তি পেয়েছে। কিন্তু ছবি দুটির কোনোটিই প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি। দুই ছবির ব্যর্থতার পরও এবার তৃতীয় ভারতীয় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৫ জুন বাংলাদেশের ছয়টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হরনাথ চক্রবর্তী পরিচালিত এ ছবিটির নাম ‘সংগ্রাম’। এ ছবিতেও অভিনয় করেছেন প্রসেনজিৎ। এ ছাড়া আছেন যিশু সেনগুপ্ত, অপরাজিতা মোহান্তি, অরুণিমা ঘোষ, সৌমিলী বিশ্বাস, রঞ্জিত মল্লিক ও সব্যসাচী।সামাজিক গল্পের ওপর নির্মিত এ ছবিটি নিয়ে পরিবেশকেরা আশাবাদী।জোর ও বদলা ছবি দুটিই তো প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি, কিন্তু সংগ্রাম কি সে ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবে—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রেক্ষাগৃহে দর্শক টানতে না পারলেও কিন্তু ছবিগুলো যে পরিমাণ ব্যবসা করেছে তাতে আমরা সন্তুষ্ট। এবার সংগ্রাম ছয়টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, আগের ছবি দুটির চেয়ে এ ছবিটি দর্শক বেশি উপভোগ করবেন। ছবির গল্প এবং অন্যান্য উপকরণ আমাদের দেশীয় চলচ্চিত্রের মতোই। ফলে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের মনে হবে তাঁরা দেশীয় ছবিই দেখছেন।’ মুকুল সরকারের প্রযোজনায় সংগ্রাম ছবিটির সংগীত পরিচালনা করেছেন অশোক ভদ্র।ভারতীয় ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের প্রক্রিয়া হিসেবে গত বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পায় জিত্ অভিনীত ‘জোর’ এবং এরপর এ বছরের ২০ জানুয়ারি মুক্তি পায় প্রসেনজিত্ অভিনীত ‘বদলা’ ছবিটি।উল্লেখ্য, প্রায় চার দশক আগে তত্কালীন সরকার বাংলাদেশি সিনেমাকে বাঁচাতে ভারতীয় সিনেমা আমদানি নিষিদ্ধ করে। ১৯৭২ সালে এক অধ্যাদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু ২০১০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার ভারতীয় ছবি আমদানি ও প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয় এবং বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নীতিমালায় এ বিষয়ক বিধিনিষেধ তুলে নেয়। কিন্তু দেশীয় চলচ্চিত্রের পরিচালক-প্রযোজক ও শিল্পী কলাকুশলীদের আন্দোলনের মুখে সরকার ভারতীয় ছবি আমদানির ওপর পুনরায় বিধিনিষেধ আরোপ করে। সরকারের এই নিষেধাজ্ঞার বিষয়ে আমদানিকারক ও প্রদর্শকরা উচ্চ আদালতে রিট আবেদন জানান। আদালতের নির্দেশে উল্লিখিত সময়ে যে সব ছবি আমদানির জন্য এলসি খোলা হয় সেসব ছবিকে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও তথ্য মন্ত্রণালয় অনাপত্তিপত্র দেয়। এর পরিপ্রেক্ষিতে জোর, সংগ্রাম ও বদলা নামের তিনটি ভারতীয় চলচ্চিত্র আমদানি করা হয়।