'জয়নুল উৎসব' শুরু

শিল্পাচার্য জয়নুল আবেদিন (১৯১৪-৭৬) বাংলাদেশের চিত্রকলার বিকাশে এক অসামান্য অবদান রেখে গেছেন। ঢাকায় ১৯৪৮ সালে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা তাঁর জীবনের এক মহান কীর্তি। এরই মাধ্যমে দেশে প্রাতিষ্ঠানিকভাবে আধুনিক শিল্পচর্চার যাত্রা শুরু হয়। আজ শিল্পাচার্যের ১০১তম জন্মবার্ষিকী (১০২তম জন্মদিন)।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছে ‘জয়নুল উৎসব ২০১৫’-এর। আজ সকাল সাড়ে ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়েছে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানিয়েছেন, সকাল ৯টায় শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যসূচি। উৎসবের উদ্বোধনীর পর ইতিহাসের অধ্যাপক আব্দুল মতিন সরকার ও শিল্প ইতিহাসের অধ্যাপক বুলবন ওসমানকে দেওয়া হয় ‘জয়নুল সম্মাননা’।
উৎসবে শিল্পাচার্য কর্তৃক সংগৃহীত পুতুলের এক প্রদর্শনীর আয়োজন রয়েছে। বিকেল সাড়ে ৫টায় চারুকলা অনুষদের ছাত্র-ছাত্রী ও গানপাগল দলের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়াও, শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদপত্র বিতরণ ও চিত্র প্রদর্শনী। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন যথাক্রমে শিল্পাচার্যের সহধর্মিনী মিসেস জাহানারা আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস।
১৯১৪ সালের ২৯শে ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহ জেলার (বর্তমানে কিশোরগঞ্জ জেলার) কেন্দুয়ায় এ দেশের চারুশিল্প আন্দোলনের পথিকৃৎ, প্রকৃতি ও মানুষের চিত্রকর, সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী এই শিল্পী জন্মগ্রহণ করেন। তাঁর বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা। আর, মা জয়নাবুন্নেছা ছিলেন গৃহিণী। নয় ভাইবোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড়। পড়াশোনার হাতেখড়ি পরিবারের কাছ থেকেই। খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকা পছন্দ করতেন। পাখির বাসা, পাখি, মাছ, গরু-ছাগল, ফুল-ফলসহ আরও কত কি এঁকে মা-বাবাকে দেখাতেন। শিল্পকলার প্রতি তাঁর গভীর আগ্রহের কারণে মাত্র ষোলো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি বন্ধুদের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন শুধু মাত্র কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য। কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখে আসার পর সাধারণ পড়াশোনায় আর জয়নুল আবেদিনের মন বসছিল না। তাই ১৯৩৩ সালে মাধ্যমিক পরীক্ষার আগেই স্কুলের পড়ালেখা বাদ দিয়ে কলকাতায় চলে যান এবং মায়ের অনুপ্রেরণায় তিনি গভর্নমেন্ট স্কুল অব আর্টস-এ ভর্তি হন। তাঁর মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে সেসময় ছেলেকে কলকাতার আর্ট স্কুলে ভর্তি করিয়েছিলেন।
পরবর্তীতে ছেলে জয়নুল আবেদিনও মায়ের সেই ভালোবাসার ঋণ শোধ করেছেন দেশের স্বনামধন্য শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। জয়নুল আবেদিন ১৯৩৩ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত কলকাতার সরকারি আর্ট স্কুলে পড়েন। ১৯৩৮ সালে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তিনি বেড়ে উঠেছিলেন ব্রহ্মপুত্র নদের প্লাবন অববাহিকার শান্ত-সুনিবিড় মনোরম পরিবেশে। তাঁর শৈল্পিক মনন নির্মাণে প্রকৃতির প্রভাব ছিল অসামান্য ও সুদূরপ্রসারী। প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি পেয়েও তিনি বলতে ভালোবাসতেন, ‘নদীই আমার শ্রেষ্ঠতম শিক্ষক’। শিল্পীর আঁকা দুর্ভিক্ষের চিত্রমালা ছাড়াও বিদ্রোহী, মুক্তিযোদ্ধা, গুন টানা, সাঁওতাল রমণী, সংগ্রাম, গ্রামীণ নারীর চিত্রমালা শীর্ষক ভাস্কর্য এদেশের শিল্পকলার ইতিহাসে অমর হয়ে আছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলার প্রকৃতি, জীবনাচার, প্রাচুর্য, দারিদ্র্য এবং বাঙালির স্বাধীনতার স্পৃহা তাঁর তুলি আর ক্যানভাসে মূর্ত করে তুলেছিলেন। দীর্ঘ ছয় মাস ফুসফুসের ক্যানসারে ভুগে ১৯৭৬ সালের ২৮ মে ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেন জয়নুল আবেদিন।