
নাফিসা ঝুমুর নিয়মিত প্রেমে পড়েন। এই একটি বাক্য শুনে যেসব তরুণ নড়েচড়ে বসেছেন, তাঁদের অবগতির জন্য বলছি; না ঝুমুর হুটহাট করে কারও প্রেমে পড়েন না। তিনি মানুষ ছাড়া আরও অনেক কিছুর প্রেমে পড়েন। যেমন: ১ ফেব্রুয়ারি বিকেলে প্রথম আলোর কার্যালয়ে এসেই বললেন, ‘বাহ্ অফিসটা তো দারুণ! আমি প্রেমে পড়ে গেছি। বড় হয়ে আমি সাংবাদিক হব।’
নিয়মিত প্রেমে পড়ার বাইরে মডেল ও অভিনেত্রী ঝুমুর পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এমবিএ করছেন তিনি।
বছর দুয়েক নিয়মিত মডেলিং করেছেন, তারপর নাম লেখালেন অভিনয়ে। এখন উপস্থাপনা। তবে আগের দুটির একটিও ছাড়েননি! তিনটির সঙ্গেই ‘নিয়মিত’ শব্দটা বসানো যায়।
নিজের অনেক কাজ নিয়ে ঝুমুর বললেন, ‘তিনটা কাজই আমি উপভোগ করছি। এর মধ্যে উপস্থাপনা সম্প্রতি শুরু করেছি। একটা সময় ক্যাম্পাসে বা পারিবারিক কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করা হতো। কিন্তু টেলিভিশনের পর্দায় শুরু করলাম “আই জেন” দিয়ে। এটি গ্রামীণফোন ও প্রথম আলোর ইন্টারনেট তারকা খোঁজার অনুষ্ঠান। নিয়মিত প্রচারিত হচ্ছে চ্যানেল আইতে।’
এখন অবশ্য গাজী টিভির ‘ক্রিকেট এক্সট্রা’ নামের একটি ক্রিকেট-বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছেন ঝুমুর। নতুন অনুষ্ঠান নিয়ে আলোচনা হচ্ছে একাধিক চ্যানেলের সঙ্গে।
ঝুমুর জানালেন, ২০১২ সালে ভিট-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ওই বছর সেরা দশে জায়গা করে নিলেও শুধু পরীক্ষার কারণে শেষ পর্যন্ত থাকতে পারেননি। কিন্তু থেমে থাকেননি। পরের বছর বিজ্ঞাপনে কাজ শুরু করেন। আর নাটকে কাজ করছেন গত বছর থেকে। তাঁর প্রথম নাটক মাংকি বিজনেস। এরপর কাজ করেছেন আরও কয়েকটি একক নাটকে। শুরু করেছেন দুটি ধারাবাহিকও। এর মধ্যে বৈশাখীতে প্রচার হচ্ছে সোনার হরিণ, আরেকটি প্রচারের অপেক্ষায়।
ঝুমুর বললেন, ‘বেশি বেশি কাজ করার চেয়ে মানুষের মনে রাখার মতো দু-চারটি কাজ হলেই আমি খুশি। তবে আমি মিডিয়ার প্রেমে পড়েছি। সাত দিন ক্যামেরার সামনে না দাঁড়ালে খুব অস্থির লাগে।’
ঝুমুর নাচ ও গানে হাতেখড়ি নিয়েছেন ছোটবেলায়। এখন ব্যস্ত তিন মাধ্যমেই। বাকি থাকল একটি। সামনে ঝুমুরকে ‘নাচেগানে ভরপুর’ এক সিনেমার নায়িকা হিসেবে দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই। আর এ স্বপ্ন দেখতে শুরু করেছেন ঝুমুর।