‘টপ গান’-নির্মাতা টনি স্কটের আত্মহত্যা
‘টপ গান’, ‘ডেজ অব থান্ডার’, ‘বেভারলি হিলস কপ টু’র মতো জনপ্রিয় হলিউড ছবির পরিচালক টনি স্কট (৬৮) লস অ্যাঞ্জেলেসের কাউন্টি ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি করোনার লেফটেন্যান্ট জো বেল ১৯ আগস্ট টনি স্কটের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলস টাইমস।জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের ব্রিজ থেকে লাফিয়ে পড়ে টনি স্কটের এ আত্মহত্যার কারণ উদঘাটনে কাজ করছে লস অ্যাঞ্জেলস পুলিশ। আত্মহত্যার বিষয়টির তদন্তের কাজ শুরু হয়েছে।যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের সদস্য জেনিফার অসবার্ন ডেইলি ব্রিজকে জানান, টনি স্কটের আত্মহত্যার স্থানটির পাশে তাঁর টয়োটা প্রিয়াস গাড়িতে রাখা একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। অবশ্য এ নোট সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত কোনো তথ্য জানায়নি।প্রসঙ্গত, টনি স্কট ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ‘এলিয়েন’খ্যাত রিডলি স্কটের ছোটো ভাই। ‘টপ গান’-এর মতো চলচ্চিত্র পরিচালনা করে হলিউডে অ্যাকশনধর্মী চলচ্চিত্রপরিচালক হিসেবে খ্যাতির শীর্ষে উঠেছিলেন তিনি। টম ক্রুজের মতো তারকা তাঁর হাত ধরেই হলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন। তাঁর চলচ্চিত্রে রবার্ট ডি নিরো, ব্র্যাড পিট, উইল স্মিথদের মতো বিখ্যাত হলিউড তারকাদের দেখা গেছে। বড় ভাই রিডলির সঙ্গে মিলে ছোটো পর্দার জন্যও কাজ করেছেন টনি স্কট। পরিচালনার পাশাপাশি একজন অভিনেতা হিসেবেও খ্যাতি ছিল তাঁর। ‘বয় অ্যান্ড বাইসাইকেল’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পুরোনো লাল বেসবল ক্যাপ ছিল তার ট্রেডমার্ক।ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ে করেছিলেন টনি স্কট। মৃত্যুর আগ পর্যন্ত তৃতীয় স্ত্রী ও দুটি সন্তানের সঙ্গে ছিলেন তিনি।