‘টাইম আপ হো গয়্যা, প্যাক আপ’
ভারতীয় চলচ্চিত্রের প্রথম ‘সুপারস্টার’ সদ্য প্রয়াত রাজেশ খান্নার অন্তিম মুহূর্তের শেষ বাক্যটি তাঁর পরিজন ও শোকগ্রস্ত অগণিত ভক্তের কাছে প্রকাশ করলেন রাজেশের একদার সহ-অভিনেতা অমিতাভ বচ্চন।১৮ জুলাই রাজেশ খান্নার মৃত্যুর সংবাদ পেয়েই অমিতাভ বচ্চন ছুটে গিয়েছিলেন মুম্বাইয়ের বান্দ্রা এলাকার কার্টার রোডে; রাজেশ খান্নার বাংলো আশীর্বাদে, যেখানে তাঁর বন্ধু ও একসময়ের সহকর্মী রাজেশ অপেক্ষা করছেন চিরবিদায়ের আনুষ্ঠানিকতার জন্য।বাড়ি ফিরে শোকার্ত অমিতাভ এক টুইটার বার্তায় লিখেছেন, ‘আজকে সকালের দিকে তাঁর (রাজেশ খান্নার) বাড়িতে খুব ঘনিষ্ঠ একজন আমাকে জানাল, তাঁর শেষ বাক্যটি ছিল, “টাইম আপ হো গয়্যা, প্যাক আপ”।’ প্রসঙ্গত, অমিতাভ বচ্চন-রাজেশ খান্না প্রথম যে ছবিটিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৭১ সালে, সেই ‘আনন্দ’ ছবির একটি বিখ্যাত সংলাপ এটি। ক্যানসার-আক্রান্ত মৃত্যুপথযাত্রী আনন্দের চরিত্রে রাজেশ খান্নার অনবদ্য অভিনয়ের স্মৃতি অমিতাভের নিশ্চয়ই মনে থাকবে। অভিভূত অমিতাভ সম্ভবত এ কারণেই টুইটারে জানিয়ে দিয়েছেন বন্ধুর জীবনের শেষ বাক্যটি।আনন্দের একটি সংলাপে তরুণ চিকিত্সক অমিতাভ বচ্চনকে রাজেশ খান্না বলেছিলেন, ‘বাবু মশাই, জিন্দেগি আউর মওত ওপরওয়ালা কি হাত হ্যায় জাহাঁপনা, উসে না আপ বদল সাকতে হ্যায় না ম্যায় (জীবন-মৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে, তা না তুমি বদলাতে পারবে, না আমি)।’একজন সার্থক অভিনেতার মতোই যাপিত জীবনের শেষ অঙ্কেও অভিনেতার শেষ সংলাপ উচ্চারণ করে বিদায় নিলেন রাজেশ খান্না।