‘টাইম’-এর তালিকায় নতুন ২০ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ও মর্যাদাশীল টাইম ম্যাগাজিন সেরা ১০০ সিনেমার একটি তালিকা করেছিল ২০০৫ সালে। নাম ছিল, ‘অল টাইম ১০০ মুভিজ’ বা সর্বকালের সেরা ১০০ সিনেমা। পৃথিবীর সব ভাষার সিনেমা তালিকায় স্থান পেয়েছিল। সেরা ছবির যত তালিকা হয়েছে, এর মধ্যে টাইম ম্যাগাজিনের তালিকাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রকাশের প্রথম সপ্তাহেই এই তালিকা দেখা হয়েছিল ৭৮ লাখ বার। ১৯২৩ সালের পর মুক্তি পাওয়া সিনেমা এতে স্থান করে নিয়েছিল। টাইম ম্যাগাজিন সেই তালিকা হালনাগাদ করেছে। কেননা, এর মধ্যে আরও অনেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। আবার পুরোনো তালিকায় এমন অনেক সিনেমার নাম ছিল না, যেগুলো ইতিমধ্যে ক্লাসিক হিসেবে মর্যাদা পেয়েছে। এ কারণেই হালনাগাদ করা হয়েছে তালিকা। নতুন তালিকায় যুক্ত হয়েছে আরও ২০টি সিনেমা।তালিকায় নতুন করে স্থান পাওয়া সিনেমাগুলো বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার। এর মধ্যে কিছু নাম দেখলে মনে হবে, আগের তালিকায় কেন ছিল না। কিছু নাম কিছুটা অবাক হয়তো করবে। তবে সিনেমা দেখতে শুরু করলে টাইম ম্যাগাজিনের এই তালিকা হাতের কাছে নিয়ে বসলে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে সফল একটি পরিভ্রমণ হয়ে যাবে।তালিকায় কোনো প্রথম বা দ্বিতীয় নেই। নামগুলো এসেছে বর্ণ অনুসারে। প্রথম ছবি মিসরের, নাম আলেকজান্দ্রা...হোয়াই?। ১৯৭৮ সালের এই সিনেমার পরিচালক ইউসুফ চাহিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পর পর মিসরের আলেকজান্দ্রিয়া নিয়ে সিনেমা। এর পরের সিনেমাটি স্পেনের পরিচালক পেদ্রো আলমোদোভরের অল অ্যাবাউট মাই মাদার। ১৯৯৯ সালে বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় ছবিটি।স্পেনের পেদ্রো আলমোদোভরের অল অ্যাবাউট মাই মাদার ছবিটিও নতুন করে ঢুকে পড়েছে সর্বকালের সেরা এই ১০০ ছবির তালিকায়। তাঁর টক টু হার সিনেমাটি আগেই স্থান পেয়েছিল মূল তালিকায়। নারী চরিত্রের প্রাধান্য পুরো সিনেমায়। অ্যাভাটার সবচেয়ে বেশি ব্যবসাসফল সিনেমা। কিন্তু এটি সর্বকালের সেরা ১০০-এর মধ্যে পড়বে কি না, এ নিয়ে প্রশ্ন হয়তো অনেকেই তুলবেন। টাইম ম্যাগাজিন অবশ্য জেমস ক্যামেরুনের অ্যাভাটারকে নতুন তালিকায় স্থান দিয়েছে।মূল তালিকায় ভারতের সিনেমা ছিল দুটি। সত্যজিতের অপু ট্রিলোজি এবং মনি রত্নমের নয়াকান। নতুন তালিকায় ঢুকল রাজ কাপুরের আওয়ারা। রাজ কাপুরের অভিনয়, নার্গিসের সঙ্গে জুটি আর গানের জন্যই বিখ্যাত ছবি। ব্লোআপকে বলা যায় আধুনিক ক্ল্যাসিক। এ সিনেমাটি কেন আগের তালিকায় স্থান পায়নি, সেটাই একটি প্রশ্ন। ইতালির পরিচালক মাইকেলাঞ্জোলো এন্তানিওনির ইংরেজি ভাষার ছবি। একজন ফটোগ্রাফারের গল্প, যে বিশ্বাস করে, একটি খুনের ঘটনার ছবি তাঁর তোলা। ফ্রেঞ্চ নিউ ওয়েভ সময়ের শুরুর সিনেমা দ্য গুডটাইম গার্লস মুক্তির সময় দর্শক আনুকূল্য না পেলেও এবার স্থান করে নিল সেরা সিনেমার তালিকায়। চার নারীর কাহিনি। মুক্তি পেয়েছিল ১৯৬০ সালে। পরিচালক ক্লদ শাবরল। এরপরে আছে টেরেন্স মালিকের ১৯৭৮ সালের সিনেমা ডেজ অব হ্যাভেন। রিচার্ড গেরে মূল ভূমিকায়। টেরেন্স মালিক মানেই অন্য কিছু। তবে তাঁর সিনেমা সবার জন্য নয়। অনেকের কাছে অবিশ্বাস্য হলেও এটা ঠিক যে মূল তালিকায় ছিল না গন উইথ দি উইন্ড-এর নাম। অথচ এটি সর্বকালের জনপ্রিয় সিনেমা। ভিক্টর ফ্লেমিংয়ের এই সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৩৯ সালে। অথচ এখনো এর জনপ্রিয়তা এতটুকু কমেনি। জ্যঁ লুক গদারের সবচেয়ে কঠিন সিনেমার নাম হিস্টোরিজ দু সিনেমা। তালিকায় স্থান পেল এ ছবিটিও।দি হার্ট লকার পুরোপুরি হলিউড ঘরানার প্রথাগত মার্কিন ছবি। ২০০৯ সালে এই সিনেমা থেকে ক্যাথারিন বিগোলো সেরা পরিচালকের অস্কার পান। ১৯৭৭ সালের মার্কিন সিনেমা কিলার অব শিপ মুক্তি পায় ২০০৭ সালে। আফ্রিকান-আমেরিকানদের জীবনযাপন এই সিনেমার উপজীব্য। তালিকায় এর পরে রয়েছে লেটার ফ্রম অ্যান আননোন উইম্যান। ১৯৪৮ সালের ছবি। অ্যাবেল গানসের নির্বাক সিনেমা নেপোলিয়ান-এর নামও রয়েছে নতুন তালিকায়।ইরানের ছবি এ সেপারেশন এই সময়ের অন্যতম আলোচিত ছবি। এবার বিদেশি ভাষার সেরা ছবির অস্কারও পায়। খুব স্বাভাবিকভাবেই টাইম-এর সেরা ছবির তালিকায় স্থান করে নিল আজগার ফরহাদির এ সেপারেশন। আরেক বিখ্যাত ছবি ইঙ্গমার বার্গমানের দি সেভেন্থ সিল নতুন তালিকায় স্থান পেয়েছে। মৃত্যু নিয়ে তৈরি এই ছবি দেখা দারুণ এক অভিজ্ঞতা। দে লিভ বাই নাইট নিকোলাস রের প্রথম ছবি। বনি অ্যান্ড ক্লাইড ঘরানার এই ছবি ১৯৪৯ সালের। একই বছরের ব্রিটিশ সিনেমা দ্য থার্ড ম্যানকে অনেক আগেই সমালোচকেরা মাস্টারপিস বলে রায় দিয়ে রেখেছেন। এবার ঢুকল টাইম-এর তালিকায়। তালিকার শেষ তিনটি সিনেমার নাম শুনলে অনেকেই বিস্মিত হবেন। কেননা, স্ট্যানলি কুবরিকের ২০০১: এ স্পেস অডিসির নাম আগের তালিকায় ছিল না। কুবরিকের সিনেমা মানেই আলাদা কিছু। এটিও তাই। এর পরের নামটি আরও বিস্ময়কর, আলফ্রেড হিচককের ভার্টিগো। ১৯৫৮ সালের এই ছবিতে আছেন জেমস স্টুয়ার্ট ও কিম নোভাক। সর্বকালের সেরা পাঁচ ছবির তালিকা করলে এই নামটি আসবেই। অথচ এটি এত দিন টাইম ম্যাগাজিনের তালিকায়ই ছিল না। যাঁরা অ্যানিমেশন সিনেমা পছন্দ করেন, তাঁদের তালিকায় ওয়াল.ই থাকবেই। তাহলে কেন টাইম-এর তালিকায় থাকবে না!