
তৌকীর আহমেদ। চ্যানেল টোয়েন্টিফোরের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শনিবার থেকে প্রচারিত হচ্ছে পাঁচ পর্বের ধারাবাহিক বিহঙ্গ কথা। নাটকটি তিনি লিখেছেন, পরিচালনা করেছেন এবং অভিনয় করেছেন। তাঁর আরেকটি পরিচয়, তিনি একজন স্থপতি।দেশ টিভির‘পন্ডস এইজ মিরাক্যাল মাই সেকেন্ড হানিমুন’ রিয়েলিটি শোর বিচারক তৌকীর ও বিপাশা। আর আমাদের হানিমুন...
আমাদের বিয়ে হয়েছিল ১৯৯৯ সালের জুলাই মাসে। তখন বিয়েতে এতটাই খরচ হয়ে গিয়েছিল যে বিয়ের পরপরই হানিমুনে যেতে পারিনি। এরপর ছয় মাস আমি আর বিপাশা টাকা জমিয়ে হানিমুনে গিয়েছিলাম। প্রথম যাই লন্ডনে। এরপর ইতালি, গ্রিস, সুইডেন আর যুক্তরাষ্ট্রে বেড়াতে যাই। পুরো দুই মাস আমরা বাইরে ছিলাম। ইতালি আর গ্রিসের সময়টা ছিল স্বপ্নের মতো।
আমার লেখালেখি...
আমি আবার লেখালেখিতে মন দিয়েছি। এ বছর অমর একুশে গ্রন্থমেলায় বেরিয়েছে আমার বই ইচ্ছামৃত্যু। এরপর নাটক আর টেলিছবি লিখছি। এসএ টিভির জন্য একটি টেলিছবি লিখেছি, নাম সোনালি রৌদ্রের রং। একই চ্যানেলের জন্য লেখা শেষ করেছি ছয় পর্বের ধারাবাহিক সাংরিলা।
বিহঙ্গ কথা...
পুরো নাটকটি লিখেছি ন্যারেটিভ ফর্মে। একই ঘটনা তিনজন মানুষের বয়ানে তিনটি দৃষ্টিকোণ থেকে এসেছে। এই নাটকের কিছু কাজ করেছিলাম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
অভিনেত্রী বিপাশার যে বিষয়টাতে বেশি মুগ্ধ...
ও খুব সিনসিয়ার আর ভালো অভিনেত্রী। ওর ব্যক্তিত্ব আর দক্ষতা অসাধারণ। মিডিয়ায় এ ধরনের অভিনেত্রীর দরকার আছে।
অবসরের প্রিয় সঙ্গী...
আমার ছেলে আরিব, মেয়ে আরিশা আর স্ত্রী বিপাশা।
সন্তানদের চোখে অভিনেতা তৌকীর যেমন...
এটা ওরাই ভালো বলতে পারবে। তবে ওদের কাছে অভিনেতা তৌকীরের চেয়ে বাবা তৌকীর অনেক বেশি গুরুত্বপূর্ণ।
অভিনেতা না হয়ে স্থপতি হলে...
‘নক্ষত্রবাড়ি’র মতো ডিজাইন পেতেন, কিন্তু বিহঙ্গ কথার মতো নাটক কিংবা জয়যাত্রা, রূপকথার গল্প ও দারুচিনি দ্বীপ-এর মতো ছবি পেতেন না।
l বিনোদনপ্রতিবেদক