'টাঙ্গুয়া হাওরের গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টাঙ্গুয়া হাওরের গল্প’ শীর্ষক প্রদর্শনীর একটি আলোকচিত্র। দৃক গ্যালারিতে প্রদর্শনীটি শুরু হচ্ছে শুক্রবার থেকে
‘টাঙ্গুয়া হাওরের গল্প’ শীর্ষক প্রদর্শনীর একটি আলোকচিত্র। দৃক গ্যালারিতে প্রদর্শনীটি শুরু হচ্ছে শুক্রবার থেকে

বাংলাদেশের সীমান্তে সুনামগঞ্জ জেলায় অবস্থিত টাঙ্গুয়া হাওরটি উদ্ভিদ, মাছ, পাখিসহ জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। বিশ্বের গুরুত্বপূর্ণ জলাশয় হিসেবে এই হাওর ‘রামসার এলাকা’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এই হাওরের অনন্য প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য সংরক্ষণে দেশের সচেতন মানুষকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আইইউসিএন বাংলাদেশ ‘টাঙ্গুয়া হাওরের গল্প’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ও টাঙ্গুয়া অ্যালবাম নামের একটি অ্যালবাম প্রকাশের আয়োজন করেছে।

শুক্রবার বিকেল চারটায় ধানমন্ডির দৃক গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন এবং অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। প্রকৃতি সংরক্ষণে নিবেদিত আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দীন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রদর্শনীর কিউরেটর ইনাম আল হক, অংশগ্রহণকারী আলোকচিত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

টাঙ্গুয়া হাওরের প্রকৃতি, প্রাণী ও মানুষের জীবনযাত্রা নিয়ে ২৪ জন প্রকৃতিবিদ, সংক্ষণকর্মী ও আলোকচিত্রীর প্রায় ৩০০ ছবি রয়েছে এই প্রদর্শনীতে। এই ছবিগুলো নিয়েই অ্যালবামটি প্রকাশ করা হয়েছে। প্রদর্শনী বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। চলবে ৯ মার্চ পর্যন্ত।