'টান' ছবির নেপথ্যে

বাংলাদেশের প্রখ্যাত কবি আল মাহমুদের ছোটগল্প ‘জলবেশ্যা’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘টান’। কলকাতার পরিচালক মুকুল রায় চৌধুরী ছবিটি নির্মাণ করেছেন। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি।
জল, জঙ্গল আর জলবেশ্যাদের কাহিনি নিয়ে ছবিটির চিত্রনাট্য লিখেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। ঋতুপর্ণা ছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুমন্ত চট্টোপাধ্যায়, পামেলা, দেবলীনা দত্ত, দেবদূত প্রমুখ।
পরিচালক মুকুল রায় চৌধুরী বিজ্ঞাপনের কাজের জন্য প্রায়ই ঢাকা আসা-যাওয়া করতেন। বাংলাদেশের সুন্দরবনের বেদেদের জীবন দেখে তিনি চিন্তা করেন এরকম গল্প নিয়ে ছবি বানাবেন। তারপর কবি আল মাহমুদের ‘জলবেশ্যা’ গল্পটি তিনি নির্বাচন করেন।
কবি আল মাহমুদ বলেছেন, ‘জলবেশ্যা গল্পটি সত্য না হলেও এটা আমার দেখা একটা বাস্তব চিত্র। ব্রাহ্মণবাড়িয়ার লালপুর গ্রামে মেঘনা নদীর পারে জেলেদের পল্লি আমি দেখেছি। সেই সময় গল্পটি লিখেছিলাম।’
‘টান’ ছবি সম্পর্কে আল মাহমুদ বলেন, ‘আমার গল্পে সিনেমাটি নির্মাণ হওয়ায় খুব ভালো লাগছে। সিনেমার নামটিও ভালো হয়েছে, গল্পের সঙ্গে মিল রয়েছে। নির্মাতা আমার কাছ থেকে সিনেমাটি নির্মাণের জন্য বছর খানেক আগে অনুমতি নিয়েছিলেন।’
‘টান’ ছবিটি নিয়ে অনেক আশাবাদী বলেও জানিয়েছেন আল মাহমুদ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘জলবেশ্যা গল্পটি এতটাই জটিল যে কেউ এটা আন্দাজও করতে পারবে না। সাহিত্য এবং সিনেমা এক জিনিস নয়। সিনেমার আলাদা একটা ঢং ও ভাষা রয়েছে। পুরোপুরি সাহিত্যের মতো এটা হয়তো হবে না। লেখকের সব কল্পনাও সিনেমায় তুলে ধরা সম্ভব নয়। তবে আমি আস্থা রাখি, ‘‘টান’’ সিনেমাটি সবার হূদয় ছুঁয়ে যাবে। আমি খুব আশাবাদী।’
আল মাহমুদ আরও বলেন, ‘আমার আরও অনেক গল্প আছে, যা সিনেমা হতে পারে। শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের দেশেও অনেক প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক রয়েছেন। তাঁরা সাহস রাখলেই আমার লেখা গল্পের সিনেমা হতে পারে।’