'টার্মিনেটর ৫' আসছে শোয়ার্জেনেগারকে নিয়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্নল্ড শোয়ার্জেনেগার
আর্নল্ড শোয়ার্জেনেগার
জনপ্রিয় ‘টার্মিনেটর’ সিরিজের পঞ্চম ছবিতে আবার নামভূমিকায় দেখা যাবে হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জেনেগারকে।এ ছবির শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। ‘টার্মিনেটর ৫’ ছবির কল্যাণে তাঁর পছন্দের ওই চরিত্রে আবার অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি ৬৫ বছর বয়সী এ তারকা অভিনেতা ও রাজনীতিবিদ।এ প্রসঙ্গে শোয়ার্জেনেগারের ভাষ্য, ‘আমি “টার্মিনেটর ৫” ছবির নামভূমিকায় অভিনয়ের ডাক পেয়ে অনেক খুশি। আমরা আগামী জানুয়ারিতে ছবির শুটিং শুরু করব। এমন দারুণ একটি চরিত্রে আবার অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। ভেতরে ভেতরে অনেক আনন্দ হচ্ছে। ছবিতে কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি আমি।’ জানিয়েছে কনট্যাক্টমিউজিক।

অ্যাকশননির্ভর সায়েন্স ফিকশন ছবি ‘টার্মিনেটর’ মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। অস্কারজয়ী কানাডীয় নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত ওই ছবির নামভূমিকায় অভিনয় করেন শোয়ার্জেনেগার। পরে এই সিরিজের আরও তিনটি ছবি ‘টার্মিনেটর ২: জাজমেন্ট ডে’ (১৯৯১), ‘টার্মিনেটর ৩: রাইজ অব দ্য মেশিনস’ (২০০৩) ও ‘টার্মিনেটর স্যালভেশন’ (২০০৯) মুক্তি পায়।

সিরিজের প্রথম তিনটি ছবিতে নামভূমিকায় অভিনয় করলেও ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করায় ২০০৯ সালে মুক্তি পাওয়া চতুর্থ ছবিতে অভিনয় করতে পারেননি শোয়ার্জেনেগার।