‘টিউন ফ্যাক্টরি’তে শিনা চৌহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তৈরি প্রতিদিনের অনুষ্ঠান উপস্থাপনা করতে ঢাকায় এসেছিলেন শিনা চৌহান। এবার তিনি উপস্থাপনা করছেন গান নিয়ে অনুষ্ঠান ‘টিউন ফ্যাক্টরি’। অনুষ্ঠানটি যৌথভাবে তৈরি করছে গ্রামীণফোন ও চ্যানেল নাইন। ২৯ মে থেকে এফডিসিতে ৯ নম্বর ফ্লোরে অনুষ্ঠানটির ধারণকাজ হচ্ছে। কলকাতার মেয়ে শিনা ২০১০ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় জিতেছিলেন ‘আই অ্যাম ভায়েস’ পুরস্কার। অভিনয় করেছেন মালয়লাম ভাষার ছবি দ্য ট্রেন এবং বুদ্ধদেব দাশগুপ্তের দুটি হিন্দি ছবি মুক্তি ও পত্রলেখায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কথা হলো শিনার সঙ্গে। তিনি বললেন, ‘বাংলাদেশে কিছুদিন আগে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজন উপলক্ষে এসেছিলাম। এবার এসেছি গানের অনুষ্ঠান করতে। মিউজিকে আমার যথেষ্ট আগ্রহ। আমি বেহালার শিল্পী। বাংলাদেশের শিল্পীদের গান শুনছি এখন, তাঁদের ব্যাপারে অনেক ভালো ধারণা তৈরি হয়েছে।’ গ্রামীণফোনের মার্কেট কমিউনিকেশনস বিভাগের বিশেষজ্ঞ শাকিব আহমেদ জানান, ‘টিউন ফ্যাক্টরি’ অনুষ্ঠানে গান করছেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, তপু, হূদয় খান, রাফা, ওয়ারফেজ, লালন, পাওয়ারসার্জ, শিরোনামহীন, শূন্য, নেমেসিস ও ক্রিপটিক ফেইট। নিজেদের জনপ্রিয় গানগুলো এই অনুষ্ঠানে শিল্পীরা নতুন করে পরিবেশন করবেন। চ্যানেল নাইন সূত্রে জানা গেছে, ৭ জুন থেকে প্রতি বৃহস্পতিবার প্রচারিত হবে অনুষ্ঠানটি।