‘টিভি ক্যামেরার সামনে প্রথম এসেছিলাম দর্শক পর্বে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুমাইয়া শিমু। অভিনয় নিয়েই তাঁর যত ব্যস্ততা। আজ এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ফাঁদ ও বগার গল্প। আসছে ঈদ...ঈদের সময় তো অবশ্যই কাজের একটু চাপ থাকে। সব মিলিয়ে এবার ঈদে বোধ হয় আমার সাত-আটটি নাটক প্রচারিত হবে। ফেরদৌস হাসানের কিছু কাজ করলাম, রেদোয়ান রনির একটি নাটক করলাম, আরও কয়েকজন পরিচালকের কাজ করেছি।ললিতা, ইয়া হাবিবি, তোতলা ববি এবং অন্যান্য...এটা বোধ হয় একজন অভিনয়শিল্পীর জীবনে সবচেয়ে বড় পাওয়া; নিজের নামকে ছাপিয়ে চরিত্র কিংবা সংলাপের নামে পরিচিতি পাওয়া। ললিতা নাটক যত দিন প্রচারিত হয়েছে, রাস্তায় বের হলেই মানুষ ললিতা বলে ডাকত। আবার স্বপ্নচূড়া প্রচারিত হওয়ার সময় আমাকে দেখলেই বলত, ‘ওই যে, ইয়া হাবিবি...!’ এফএনএফ নাটকে তোতলার অভিনয় করেছিলাম, দেখা হলে মানুষ ‘তোতলা ববি’ বলে ডাকত। এগুলো খুব মজা লাগে।ব্যক্তি বনাম চরিত্র...অভিনয়ের কাজটি অবশ্যই কঠিন। মনের অবস্থা যা-ই থাকুক না কেন, নিজের শতভাগ দিয়ে কাজ করতে হয়। কখনো হয়তো আমার মন খারাপ, অথচ ক্যামেরার সামনে খুব মজার বা খুব রোমান্টিক একটি দৃশ্য করতে হবে। আবার কখনো হয়তো আমি খুবই ফুর্তিতে আছি, কিন্তু একটি কান্নার দৃশ্য করতে হবে। প্রচণ্ড আবেগ আর ভালো লাগা কাজ করে বলেই কাজগুলো করতে পারছি।টিভিতে নিজেকে প্রথম দেখা...এটি একটি মজার ঘটনা। আমার টিভিতে প্রথম আবির্ভাব কিন্তু অভিনেত্রী হিসেবে নয়। একসময় তুষার ভাই (আব্দুন নূর তুষার) বিটিভিতে একটি অনুষ্ঠান করতেন, নাম ছিল ‘শুভেচ্ছা’। আমি দর্শক হিসেবে সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে একটি দর্শক পর্ব ছিল। কেন যেন দর্শকসারি থেকে তাঁরা আমাকেই ডেকে নিয়েছিলেন। কী কী করেছিলাম, মনে নেই। প্রথম ক্যামেরার সামনে, আমি তো ভয়ে শেষ! টিভি ক্যামেরার সামনে প্রথম এসেছিলাম দর্শক পর্বে।‘ড. সুমাইয়া শিমু’ হওয়ার পথে...ব্যস্ততার কারণে আসলে পিএইচডির কাজটি এগিয়ে নিতে পারছি না। ‘বাংলাদেশের টেলিভিশন অভিনয়ে নারীর ভূমিকা: আর্থসামাজিক প্রেক্ষিত’ এই হলো আমার থিসিসের বিষয়। এখনো অনেক কাজ বাকি। একটু গুছিয়ে উঠতে পারলে করে ফেলব। মো. সাইফুল্লাহ