মঞ্চে তিন স্তরে টানানো বর্ণিল পালতোলা রাজকীয় নৌযানের ছবি। নেপথ্যে শঙ্খধ্বনি। এমন আবহের মধ্য দিয়ে প্রসপেরো মায়াজগতে স্বাগত জানাল দর্শকদের। মৃদঙ্গের বাদ্যের তালে অ্যারিয়েলের আহ্বান দর্শকদের নিয়ে চলে কাহিনির আরও গহিনে। নাছোড়বান্দা মেয়ে মিরান্ডার আকুতিতে মিলানের নির্বাসিত ডিউক প্রসপেরো মুখ খোলে। বলতে থাকে, কেমন করে সহোদরের চক্রান্তে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় তাদের। প্রকৃতি বাঁচিয়ে দেয় বাবা ও মেয়েকে। ঘটনাক্রমে প্রসপেরো হয় জাদুশক্তির অধিকারী।এই কাহিনি অমর নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট-এর। নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় বিখ্যাত এই নাটক মঞ্চায়নের মধ্য দিয়েই গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমীর নবনির্মিত ভবনের ৫০০ আসনের মিলনায়তনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। নাটকটি মঞ্চায়ন করে ঢাকা থিয়েটার।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলা একাডেমীর মিলনায়তন যেমন একাডেমীর নিজস্ব অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে স্থানাভাব দূর করবে, তেমনি গোটা দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাকেও শক্তিশালী করবে।নবনির্মিত বাংলা একাডেমী মিলনায়তন শুধু একাডেমীর নিজস্ব কর্মকাণ্ড নয়, বরং গোটা দেশের সাংস্কৃতিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন শামসুজ্জামান খানও।প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে এই মিলনায়তন উদ্বোধনের বিষয়টিও তাৎপর্যপূর্ণ। বিষয়টি আমাদের বিশ্বজনীন সংস্কৃতিবোধেরই পরিচায়ক। শেক্সপিয়ারের কালজয়ী নাটককে ঢাকা থিয়েটার যে দেশজ শিল্পরূপ দিয়েছে, তা আমাদের শেকড়সন্ধানী শিল্পের সাধনায় ব্রতী হতে উৎসাহিত করবে।’নাটকের একপর্যায়ে দেখা যায়, ছেলেকে হারিয়ে নেপলসের রাজা এলনসো বিধ্বস্ত। বেঁচে যাওয়া সঙ্গীও তাকে মেরে ফেলার চক্রান্ত করে। অন্যদিকে ঝড়ের কবলে পড়ে সাগরে ভেসে প্রসপেরোর দ্বীপে আসে অজানা শত্রুর ছেলে ফার্ডিনান্ড। নানা পরীক্ষার পর শর্তসাপেক্ষে তাঁকে দ্বীপে থাকার অনুমতি দেয় প্রসপেরো। ফার্ডিনান্ড ও মিরান্ডা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। এই আকর্ষণ ক্রমেই বেড়ে চলে। শেষ পর্যন্ত ফার্ডিনান্ডের হাতেই আদরের ধন মিরান্ডাকে তুলে দেয় প্রসপেরো। একদিন প্রসপেরো ফিরে পায় রাজ্য, শত্রুরা ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভোগে। ভৃত্য ক্যালিবান প্রসপেরোর দ্বীপের রাজা হয়। তার শঙ্খধ্বনিতে আবারও নড়েচড়ে ওঠে মন্ত্রমুগ্ধ দর্শক। তুমুল করতালির মধ্য দিয়ে শেষ হয় নাটক।