
আমাদের এবারের ‘টিভি সমালোচনা’ এ সপ্তাহে শীর্ষস্থানীয় তিনটি টিভি চ্যানেলে প্রচারিত তিনটি টেলিছবি নিয়ে। ২৭ জুলাই রাত ১০টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হলো টেলিছবি ক্রিস ক্রস। রচনা মাতিয়া বানু শুকু, পরিচালনা রুমান রুনি।
টেলিছবির গল্পটি সংক্ষেপে এ রকম—সজল মিডিয়ার একজন প্রতিষ্ঠিত পরিচালক। নববিবাহিত অর্ষাকে রেখে প্রযোজকের অনুরোধে সে দিনাজপুর চলে যায় নাটক পরিচালনার জন্য। সেখানে গিয়ে দেখতে পায় নাটকের নায়িকা তার সাবেক প্রেমিকা। শুটিংয়ের ফাঁকে মেয়েটি চায় তার একান্ত সান্নিধ্য ও ভুল-বোঝাবুঝির অবসান। কিন্তু সজল তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এরপর মেয়েটি সেট থেকেই বিদায় নেয়। মেয়েটি ফিরে এসে দেখা করে সজলের নববধূ অর্ষার সঙ্গে। সজল ফিরে অর্ষার মুখোমুখি হয়ে তার আউটডোর টিমের একজনের অসুস্থতার কথা বললে হঠাৎ অর্ষা ভারাক্রান্ত হয়ে পড়ে। অতঃপর জানা যায়, সে ছেলেটি সজলের নববধূ অর্ষার সাবেক প্রেমিক। কিন্তু খোঁজ নিয়ে সজল জানতে পারে, বিয়ের পর তাদের আর কোনো যোগাযোগ হয়নি। এরপর দুজন দুজনকে মেনে নেয়। শুরু হয় তাদের নতুন জীবন।
এককথায় বলা যায়, ছবিটির কাহিনি ও সংলাপ বেশ ভালো। কিন্তু পরিবেশনাটি ভালো হয়নি। যে কারণে গল্পের আবেগ-অনুভূতি কিংবা সংলাপ—কোনোটাই দর্শকহৃদয়ে আশানুরূপ দাগ কাটতে পারেনি। আবার অর্ষার প্রেম ও তা থেকে উত্তরণ যতটা যুক্তিসম্মত ও সুন্দর হয়েছে, সজলের ক্ষেত্রে তা হয়নি। বরং সজলকেই কপট মনে হয়েছে আর দর্শকের সহানুভূতি জেগেছে তার প্রেমিকার প্রতি। সজলের অতি অভিনয়ও কখনো কখনো বিরক্তিকর মনে হয়েছে। শেষ মন্তব্যে বলা যায়, ছবির শুরুটা ছিল অগোছালো, আর শেষটা ছিল সুনিয়ন্ত্রিত। তবে ক্রিস ক্রস এমন দুর্বোধ্য ইংরেজি নামের প্রয়োজন হলো কেন, বোঝা গেল না।
২৮ জুলাই বেলা ২টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে পল্লব বিশ্বাসের পরিচালনায় প্রচারিত হলো টেলিছবি বুঝিনি তো আমি। কাহিনি সংক্ষেপে এ রকম— রাতুলের সঙ্গে পরিচয় হয় অলিভার। পরিচয় থেকে ঘনিষ্ঠতা ও প্রেম। এদিকে রাতুলের অফিসের ম্যানেজারের মেয়েও রাতুলকে নিয়ে ফুচকা খেতে চায়, শপিংয়ে যেতে চায়। এ নিয়ে ভুল-বোঝাবুঝি হয় অলিভা ও রাতুলের মধ্যে। এরপর অলিভা যখন সত্য জানে যে রাতুল ম্যানেজারের মেয়েকে ভালোবাসে না, তখন অলিভা রাতুলকে সরি বলে। শেষে রাতুল একদিন অলিভাকে নিয়ে যায় তার কোম্পানির চেয়ারম্যানের কাছে, একটা চাকরির জন্য। সেখানে গিয়ে পরিচয় হয় রাতুল আসলে চেয়ারম্যানেরই মেয়ে। চেয়ারম্যানও ভালোভাবে গ্রহণ করে রাতুলকে। এই হলো গল্প।
জীবনে তো ভাঙা-গড়া, ঘাত-প্রতিঘাত ও উত্থান-পতন আছে, কিন্তু বুঝিনি তো আমি টেলিছবিতে এসবের কোনো বালাই নেই। সহজ-সরলভাবে জীবনের সব চাওয়া-পাওয়া পূর্ণ হয়ে গেল রাতুল ও অলিভার। এত সরল-সহজ জীবন যে সমাজে হয় না, তা নয়। অনেকের জীবনই এমন সহজ-সরল হতে পারে, কিন্তু তা নিয়ে সফল নাটক ও চলচ্চিত্র হতে পারে না। বুঝিনি তো আমির ক্ষেত্রেও তা-ই হয়েছে।
বুঝিনি তো আমি টেলিছবিতে পাত্র-পাত্রীর অভিনয় এবং সংলাপ—সবই ছিল সাধারণ মানের। কখনোবা তা নিম্নমানেরও। সার্বিক বিবেচনায় বলা যায়, এমন নিম্নমধ্যম মানের টেলিছবি চ্যানেল আইতে প্রচারিত হবে, এটা দর্শক প্রত্যাশা করে না।
২৭ জুলাই সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মেহেদী হাসানের পরিচালনায় মাছরাঙা টিভিতে প্রচারিত হলো টেলিছবি টু লেট ব্যাচেলর। টেলিছবির গল্পটি সংক্ষেপে এ রকম—বোবা, অন্ধ ও তোতলার বেশ ধরে তিন ব্যাচেলর বাসা ভাড়া নিয়েছে এক বাড়িতে। তারপর সেই বাড়ির গৃহকর্ত্রীর চোখ ফাঁকি দিয়ে তাদের এ অভিনয় চালিয়ে যাওয়াই হয় বড় চ্যালেঞ্জ। এরপর তারা একে একে প্রেমে জড়িয়ে যায় ওই গৃহকর্ত্রীরই মেয়েদের সঙ্গে। সংক্ষেপে এই হলো গল্প।
টেলিছবির গল্পটি না হয়েছে বাস্তবধর্মী, না হয়েছে কমেডি। যে কারণে কোনো দিক থেকেই দর্শকমনে কোনো আবেদন জাগাতে পারেনি। সব মিলিয়ে ছবিটিতে স্পষ্ট কোনো গল্পই ফুটে ওঠেনি। ব্যাচেলর হিসেবে তারা যে বাসা ভাড়া নিয়েছে, সে বাসার পরিবেশ, আসবাব, ফিটিংস—এসবও বিশ্বাসযোগ্য হয়নি।
টেলিছবিটির শেষে বাসা রক্ষার জন্য তিন ব্যাচেলরের একজন আবার আরেকজনের স্ত্রী সেজেছে। যেটি হাসির বিষয়ও হতে পারেনি, বরং হয়েছে হাস্যকর। আর দর্শকের কাছে বিস্ময়কর মনে হয়েছে, এমন এলোমেলো একটি টেলিছবি কী করে মাছরাঙা টিভিতে প্রচারের জন্য নির্বাচিত হলো!
শেষ কথা, ‘টেলিছবি’ শাখাটি দ্রুতই টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু সেই সুযোগে যদি প্রতিনিয়ত এমন নিম্নমান ও নিম্নমধ্যম মানের টেলিছবি নির্মাণ ও প্রচারিত হতে থাকে, তাহলে এ শাখাও যে অচিরেই মুখ থুবড়ে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।