‘টেলিভিশন’ ছবিতে জার্মান প্রযোজক
মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন চলচ্চিত্রের প্রযোজনার সঙ্গে যুক্ত হলেন জার্মান প্রযোজক ক্রিস্টোফ থোকে। গতকাল বৃহস্পতিবার ফারুকী বললেন, ‘আগেই জানিয়েছিলাম, আমার নতুন ছবি টেলিভিশন-এর সঙ্গে একজন জার্মান ও একজন ফরাসি প্রযোজক যুক্ত থাকবেন। সেই সূত্র ধরেই সম্প্রতি ক্রিস্টোফ থোকের সঙ্গে আমাদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’ফারুকী তাঁর নতুন ছবির এই জার্মান প্রযোজকের ব্যাপারে জানান, ক্রিস্টোফ আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে যথেষ্ট পরিচিত। তিনি এর আগে আপিচাতনপং, ভিরাসেথাকুল, ব্রুনো দুমো, জাঁ পিয়েরে, লুক দারদেন এবং রাচিদ বুখারেবের মতো বর্তমান বিশ্বের আলোচিত চলচ্চিত্রকারদের ছবি প্রযোজনা করেছেন। তাঁর প্রযোজিত ছবিগুলো কান, ভেনিস, বার্লিনসহ পাঁচ শতাধিক উৎসবে অংশ নিয়েছে। জিতেছে শতাধিক পুরস্কার। চলচ্চিত্র প্রযোজনা ছাড়াও ক্রিস্টোফ থোকে মার্কে দু কান, রটারড্যাম ল্যাবসহ বিভিন্ন প্রযোজনা কর্মশালায় প্রশিক্ষক হিসেবে কাজ করেন। বিভিন্ন উৎসবে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বিচারক ছিলেন দুবাই চলচ্চিত্র উৎসবে।