‘টেলিভিশন’ নিয়ে ব্যস্ত হচ্ছেন তিন তারকা
তাঁরা তিনজন প্রতি মাসে অন্তত ১০টি টিভি নাটকে অভিনয় করেন। এবার টেলিভিশন চলচ্চিত্রের কাজের জন্য তা আর হচ্ছে না। ২০ সেপ্টেম্বর থেকে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও তিশা টেলিভিশন ছবির মহড়া শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। এই ব্যস্ততা থাকবে ৩ অক্টোবর পর্যন্ত। এরপর তিন থেকে চার দিন বিরতি। আবার মহড়া শুটিং। যেসব জায়গায় ছবির মূল শুটিং হবে, সেখানেই হবে এই মহড়া শুটিং। এই সময় ক্ষুদ্র পরিসরে হবে ডাবিংয়ের কাজও। জানা গেছে, কোরবানির ঈদের আগে পর্যন্ত এভাবে এই তিন তারকাকে ব্যস্ত থাকতে হবে। তাই কোরবানির ঈদের জন্য যেসব নির্মাতা এই তিন তারকাকে নিয়ে নাটক তৈরির পরিকল্পনা করেছিলেন, তাঁদের এখন নতুন করে ভাবতে হচ্ছে। মোশাররফ করিম বললেন, ‘কিছুই করার নেই। চলচ্চিত্রটিতে ভালো কিছু করার জন্য এই ছাড়টুকু দিতে হচ্ছে। ২০ সেপ্টেম্বরের পর থেকে আমি আর কোনো টিভি নাটকে কাজ করতে পারব না।’চঞ্চল চৌধুরী বললেন, ‘টেলিভিশন ছবিতে ভালো কাজ করার জন্য আমি এবার কোরবানির ঈদের অনেক নাটকে কাজ করতে পারব না। ঈদের পর কিছু কাজ করতে পারব। ডিসেম্বর থেকে শুরু হবে টেলিভিশন ছবির মূল শুটিং। তখন তো চুল কাটতে হবে। ফলে অনেক দিন টিভি ক্যামেরার সামনে দাঁড়াতে পারব না।’তিশা বললেন, ‘১৯ সেপ্টেম্বর পর্যন্ত টিভি নাটকের কাজ করব। এরপর মহড়া শুটিংয়ের ফাঁকে যদি সময় পাই, তাহলে হয়তো কিছু কাজ করব। মনে হচ্ছে সেটাও পারব না।’ পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বললেন, ‘একটি ভালো কাজ করার জন্য সবার সহযোগিতার প্রয়োজন। শিল্পীরা আমাকে সেভাবেই সময় দিচ্ছেন। ভালো কাজের জন্য শিল্পীদের এভাবেই এগিয়ে আসা উচিত।’