'টেলিভিশন' পেল নেটপ্যাক পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তিশা, রানী মুখার্জি, সুস্মিতা সেন, বিপাশা বসু কোয়েল মল্লিক ও মৌসুমী চট্টোপাধ্যায়
কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তিশা, রানী মুখার্জি, সুস্মিতা সেন, বিপাশা বসু কোয়েল মল্লিক ও মৌসুমী চট্টোপাধ্যায়

১৭ নভেম্বর পর্দা পড়ে গেল কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দেশ-বিদেশের ছবি আর তারকাদের নিয়ে আট দিনব্যাপী এই হাট বসেছিল ১০ নভেম্বর। ওই দিন সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছিল এই চলচ্চিত্র উৎসব—এটি ছিল ১৯তম। আর এই উৎসবকে ঘিরেই মূলত কলকাতায় বসেছিল দেশ-বিদেশের তারকার হাট। বাংলাদেশের ছবি টেলিভিশন এখানে পেল নেটপ্যাক পুরস্কার।

উদ্বোধনী উৎসবে কলকাতায় পা রেখেছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, কমল হাসান থেকে শুরু করে বলিউড আর টলিউডের প্রখ্যাত তারকারা। ছিলেন প্রসেনজিৎ, দেব, শুভশ্রী, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়, সন্ধ্যা রায়, সাবিত্রী মুখোপাধ্যায়, অপর্ণা সেনসহ কলকাতার একঝাঁক তারকা।

অনুষ্ঠানের উদ্বোধন করে অমিতাভ বচ্চন বাংলায় বলেন, ‘নমস্কার। অনেক পুরোনো কথা মনে পড়ে যায়। তাই আবার আপনাদের কাছে এসেছি আপনাদের মেয়ে আমার স্ত্রী জয়াকে নিয়ে বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা চাইতে।’ শাহরুখ বলেন, আগামী বছর তিনিও আসবেন বাংলা শিখে। আর বাংলা শিখবেন জয়াজির কাছে। তবে কমল হাসান একটু ঠেস দিয়েই মুখ্যমন্ত্রী মমতাকে উদ্দেশ করে বলেন, ‘একজন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থাকতে পারেন না, এটা দেখতে আমি অভ্যস্ত নই।’

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ৬৩টি দেশের ১৮৯টি চলচ্চিত্র এসেছিল। উৎসব চলেছে কলকাতার ১৩টি প্রেক্ষাগৃহে। উদ্বোধনী ছবি ছিল প্রয়াত চিত্রপরিচালক ঋতুপর্ণ ঘোষের সানগ্লাস। এবারের এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিল বাংলাদেশের দুটি ছবি। মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন এবং তানভীর মোকাম্মেলের ১৯৭১। আর এই চলচ্চিত্র উৎসবের অঙ্গ সিনে সেন্ট্রাল আয়োজিত উৎসবে যোগ দিয়েছিল অমিত আশরাফের উধাও। টেলিভিশন ছবিটি প্রদর্শিত হয় দুবার। আর ১৯৭১ ও উধাও প্রদর্শিত হয় একবার করে। ১৯৭১ দেখানো হয় উৎসবের প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে। এবারের এই উৎসবে বাংলাদেশের জন্য সুখবর বয়ে এনেছে বাংলাদেশের ছবি টেলিভিশন। পেয়েছে পুরস্কার। বাংলাদেশের এই তিনটি ছবি দেখতে এবার ভিড় জমেছিল প্রেক্ষাগৃহে।

বাংলাদেশের ছবি টেলিভিশন এশিয়ান সিলেক্ট বিভাগে এবার সেরা ছবির সম্মান ‘নেটপ্যাক পুরস্কার’ পেয়েছে। ১৭ নভেম্বর সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে টেলিভিশন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর অনুপস্থিতে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্মের কর্ণধার ফরিদুর রেজা সাগর এবং টেলিভিশন ছবির নায়িকা নুসরাত ইমরোজ তিশা। পুরস্কার তুলে দেন প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ।

টেলিভিশন ছবির পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করে চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান রঞ্জিত মল্লিক বলেন, খুব ভালো ছবি হয়েছে টেলিভিশন। এ সময় ফরিদুর রেজা সাগর চলচ্চিত্র উৎসব কমিটি ও কলকাতার চলচ্চিত্রপ্রেমীদের ধন্যবাদ জানান। এদিকে টেলিভিশন ছবির দুটি প্রদর্শনী কলকাতার চলচ্চিত্রপ্রেমীদের দারুণভাবে মন জয় করে নিয়েছে। প্রশংসা কুড়িয়েছে কলকাতাবাসীর। টেলিভিশন প্রথম প্রদর্শিত হয় রবীন্দ্র সদনে। আর দ্বিতীয় প্রদর্শনী হয় কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র পূর্বশ্রী মিলনায়তনে। ছবিটি দেখে মুগ্ধ হয় কলকাতার চলচ্চিত্রপ্রেমীরা। ছবির প্রদর্শনী শেষে দর্শকেরা ছবিটির ভূয়সী প্রশংসা করে বলেন, দারুণ ছবি। দুঃসাহসী ছবি। কাহিনি বিন্যাস, অভিনয় সবকিছুই সুন্দর। এ ছবি সত্যিই প্রশংসার দাবি রাখে।

ছবিটির কাহিনিকার আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ করে আমিন চেয়ারম্যানের ভূমিকায় শাহির কাজী হুদার অভিনয় মুগ্ধ করেছে কলকাতার চলচ্চিত্রপ্রেমীদের। ছবিটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, মন্টু প্রমুখ। ১৯৭১ ছবিটিও প্রশংসা কুড়িয়েছে কলকাতাবাসীর।

এদিকে এই চলচ্চিত্র উৎসবে এবার সংবর্ধিত হলেন বলিউড ও টলিউডের পাঁচ নায়িকা; বঙ্গকন্যা। গত রোববার সমাপ্তি অনুষ্ঠানের সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে এই পঞ্চকন্যাকে সংবর্ধনা প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। সংবর্ধিত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবর্ধিত হয়ে পাঁচ বঙ্গকন্যা কলকাতাকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁরা খুশি, আনন্দিত।

এই পঞ্চকন্যা হলেন মৌসুমী চট্টোপাধ্যায়, সুস্মিতা সেন, বিপাশা বসু, রানী মুখার্জি ও কোয়েল মল্লিক।