'টেস্ট' এবং মোশাররফ-জুঁই দম্পতি

‘জুঁই এখন নিয়মিত অভিনয় করছে। নানা ব্যস্ততার কারণে ওর সঙ্গে আমার অভিনয় করা হয় না। তবে সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করি। টেস্ট টেলিছবিতে জুঁইয়ের সঙ্গে অভিনয় করে ভালোই লেগেছে।’ বললেন মোশাররফ করিম।
টেস্ট নামের টেলিছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই। আরেকটি খবর হলো, টেলিছবিটি লিখেছেন মোশাররফ করিম নিজেই। পরিচালনা করেছেন রাজিব রসুল।
জুঁই বলেন, ‘আমি আর মোশাররফ জুটি হয়ে কয়েকটি নাটকে কাজ করেছি। টেস্ট আমাদের প্রথম টেলিছবি। গল্প খুবই সাধারণ কিন্তু একেবারেই অন্য রকম। আরেকটি কথা, এই গল্পের সঙ্গে আমাদের কিছুটা মিল রয়েছে। তবে দেখার পর মনে হবে এটা সবারই গল্প।’
এক দম্পতির সংসারজীবনের নানা সমস্যার গল্প টেস্ট। প্রচারিত হবে আজ মাছরাঙা টিভিতে।
মোশাররফ করিম জানান, জুঁইয়ের সঙ্গে প্রথম জুটি হয়ে তিনি অভিনয় করেন সিমিলার টু নামের একটি নাটকে। নাটকটি এখনো প্রচারিত হয়নি। এরপর তাঁরা অভিনয় করেছেন খণ্ড নাটকে। নাম গেইট।