‘ট্রিবিউট টু দ্য কনসার্ট ফর বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। একটি দেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, শুভার্থী কয়েকজন মানুষ তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। বাংলাদেশ চিরকাল মনে রাখবে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর আয়োজক ও অংশগ্রহণকারীদের।কী ঘটেছিল ১৯৭১ সালের ১ আগস্ট? সেদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কারা আয়োজন করেছিলেন কনসার্টটির? সেদিকে একটু চোখ বোলানো যাক।পণ্ডিত রবিশংকর বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি জনমত গড়ে তোলা ও শরণার্থীদের আর্থিক সহায়তাদানের জন্যই এই কনসার্টের কথা ভেবেছিলেন ষাটের দশকের বিটলসের অন্যতম প্রাণপুরুষ জর্জ হ্যারিসনকে নিয়ে। হ্যারিসন তো পণ্ডিত রবিশংকরের শিষ্য ও বন্ধু ছিলেন। বাঙালির মুক্তিসংগ্রামের কথা জর্জ হ্যারিসন জেনেছিলেন গুরু রবিশংকরের কাছ থেকেই।তত দিনে বিটলস ভেঙে গেছে। নিজের ক্যারিয়ার গড়ার কাজে ব্যস্ত জর্জ হ্যারিসন। রবিশংকর তাঁকে বললেন, বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহে একটি কনসার্ট করতে আগ্রহী তিনি। রবির সহযোগী হয়ে কনসার্টের আয়োজন করতে রাজি হলেন জর্জ। এরপর শুরু হলো শিল্পীদের সঙ্গে যোগাযোগ। মাত্র পাঁচ সপ্তাহে আয়োজনটি পূর্ণতা পেল। বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, রিঙ্গো স্টার, লিওন রাসেল, ওস্তাদ আলী আকবর, ওস্তাদ আল্লা রাখা, রবিশংকরসহ আরও অনেকে অংশ নিলেন কনসার্টে। বলে রাখা দরকার, অংশগ্রহণকারীরা এই কনসার্টে অংশ নিয়েছেন সম্মানী ছাড়াই। এটিই ছিল প্রথম কোনো চ্যারিটি কনসার্ট।জর্জ হ্যারিসন কনসার্টের শুরুতেই বললেন, ‘ভারতীয় সংগীত আমাদের চেয়ে অনেক গভীর।’ তারপর পণ্ডিত রবিশংকর ও ওস্তাদ আলী আকবর খান এবং সহশিল্পীদের পরিচয় করিয়ে দেন। কনসার্টের প্রথম অংশে পণ্ডিত রবিশংকর বাংলাদেশের পল্লিগীতির সুরে বাজালেন ‘বাংলা ধুন’। সঙ্গে ছিলেন ওস্তাদ আলী আকবর। তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা এবং তানপুরায় কমলা চক্রবর্তী।কনসার্টের দ্বিতীয় অংশে জর্জ হ্যারিসন গেয়েছিলেন আটটি গান। বব ডিলান পাঁচটি। রিঙ্গো স্টার ও বিলি প্রেস্টন একটি করে গান করেছিলেন। লিওন রাসেল একটি একক এবং ডন প্রেস্টনের সঙ্গে একটি গান। শেষ হয়েছিল জর্জ হ্যারিসনের সেই অবিস্মরণীয় গান ‘বাংলাদেশ বাংলাদেশ’ দিয়ে।সেই বিদেশি বন্ধুদের সম্মান জানাতে প্রথম আলো আয়োজন করেছে ‘ট্রিবিউট টু দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। সহযোগিতা করেছে এবিসি রেডিও। কনসার্ট শুরু হবে আগামীকাল বিকেল সাড়ে চারটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। এতে মূল কনসার্টের নয়টি গান পরিবেশন করবেন এ দেশের শিল্পীরা। কনসার্টের শুরুতে থাকছে সুরের ধারার পরিবেশনায় জাতীয় সংগীত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা। মূল কনসার্ট নিয়ে দেখানো হবে একটি তথ্যচিত্র। কনসার্টে অংশ নিচ্ছেন মাহমুদুজ্জামান বাবু, শাহেদ, সুমন, বুনো, ওয়ার্দা, শারমীন রমা, চঞ্চল মাহমুদ, পাণ্ডু ব্লুমবার্গ, রুমন, পান্থ, জীবন, শুভ, রনি, রাজা। সংগীত পরিচালনায় থাকবেন ফয়সাল সিদ্দিকী বগি।