'ঠাকুর' পদবিই নতুন দ্বার খুলেছে শর্মিলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্মিলা ঠাকুর
শর্মিলা ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী/আমারি সোনার ধানে গিয়েছে ভরি।’ তাঁর সৃষ্টিকর্মে রবীন্দ্রনাথ আজও যে সমান উজ্জ্বল এমনকি শুধু কবির ঠাকুর পদবিটাও যে অনেকের কাছেই অত্যন্ত গর্বের বিষয়— ভারতের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর সম্প্রতি সে কথা অকপটে স্বীকার করলেন। বৃহস্পতিবার কবিগুরুর নির্বাচিত কিছু লেখা নিয়ে রাধা চক্রবর্তী সম্পাদিত ‘শেডস অব ডিফারেন্স: সিলেক্টেড রাইটিংস অব রবীন্দ্রনাথ ঠাকুর’ বইটির মোড়ক উন্মোচনের সময় শর্মিলা ঠাকুর বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার কোনো সরাসরি সম্পর্ক না থাকলেও চমৎকার একটি পদবি পেয়েছি আমি। এটা আমার ঐতিহ্য যা আমার জন্য নতুন দ্বার উন্মোচন করেছে।’ তিনি বলেন, ‘এমন একই পরিবারে জন্মগ্রহণ করাটাও আমার জন্য অনেক সম্মানের।’
বইটির সঙ্গে রবীন্দ্রনাথ ও তাঁর জগৎ নিয়ে নির্মিত ডিভিডিও প্রকাশ করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি ছিলেন লতিকা ঠাকুর। শর্মিলা ঠাকুর এই লতিকা ঠাকুরের নাতনি। সম্পর্ক কিছুটা দূরের হলেও তাঁরা একই বংশের! আর এটাই তাঁর গর্বের বিষয় বলে জানিয়েছেন শর্মিলা। তিনি বলেন, ‘আমার জন্মের বছর তিনেক আগেই রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান। তাই তাঁর সঙ্গে আমার সরাসরি যোগাযোগ না হলেও মায়ের মুখে তাঁর অনেক গল্প শুনেছি।’
তাঁর কাজেও কবির প্রভাব আছে বলে জানান শর্মিলা। ১৯৬০ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি ‘দেবী’ তার প্রমাণ। শর্মিলা বলেন, ‘আমার ছবি ‘দেবী’ রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় তৈরি। মূল বিষয় একই।’ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত ‘দেবী’ মূলত রবীন্দ্রনাথের লেখনী ও তাঁর সাহিত্যের নারী চরিত্রর সঙ্গে বেশ মিলে গেছে। এনডিটিভি।