'ড. নো' মুক্তি পেয়েছিল এই দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. নো ছবির দৃশ্য
ড. নো ছবির দৃশ্য

বর্তমানকে সবাই ভালোবাসে। তবে মাঝেমধ্যে বর্তমানও হয়ে ওঠে বিরক্তিকর। তখন ফিরে যেতে ইচ্ছা করে অতীতে। ইচ্ছা করে স্মৃতিচারণা করতে, রংচটা সাদাকালো ফটোগ্রাফটি উল্টে–পাল্টে দেখতে। সেই অতীতকে স্মরণ করিয়ে দিতে আমাদের আয়োজন ‘সোনালি অতীত’। আপনাদের জানাব সপ্তাহে ঘটে যাওয়া পুরোনো দিনের ধ্রুপদি সব খবর।

দুর্দান্ত গোয়েন্দা তিনি। তাঁকে নিয়ে ঘটে সব প্যাঁচানো কাহিনি। ধারালো বুদ্ধি দিয়ে দুঃসাহসিক সব কাজ করে সেই কাহিনির মোড় ঘুরিয়ে দেন। কখনো তাঁর সম্মোহনী পৌরুষে জড়িয়ে যান সুন্দরী নারীরা। ব্রিটেনের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের এই সদস্যের কোড নম্বর ০০৭। মানে খুন করার আইনি অধিকার আছে যার। দুর্ধর্ষ এই মানুষটি গোয়েন্দাপ্রিয়দের ভালোবাসার চরিত্র। তিনি জেমস বন্ড।

ও হ্যাঁ। তাঁকে প্রথম দেখা গিয়েছিল ১৯৬২ সালের এই দিনটিতে—ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের দুর্দান্ত সৃষ্টি জেমস বন্ড সিরিজের প্রথম ছবি ড. নো-তে। বলে রাখি, তীক্ষ্ণ বুদ্ধির এই মানুষটিকে ইয়ান কিন্তু তৈরি করতে চেয়েছিলেন এক আলাভোলা চরিত্ররূপে। এমনকি জেমস বন্ড নামটিও ইয়ান রেখেছিলেন একজন পাখিবিশারদের নামের সঙ্গে মিলিয়ে।

দ্য নিউ ইয়র্কারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইয়ান বলেছিলেন, ‘আমি যখন প্রথম জেমস বন্ড লেখা শুরু করি, চেয়েছিলাম বন্ড হবে খুবই বোকা ও বিরক্তিকর লোক। এরপর আমি পাখি নিয়ে চমৎকার একটি বই বার্ডস অব দ্য ওয়েস্ট ইন্ডিজ-এর লেখক জেমস বন্ডের নাম থেকেই নিয়ে নিলাম নামটি। কিন্তু মনে হলো, ও মাই গড এর মতো বাজে নাম আর শুনিনি।’

ইয়ানের কাছে বাজে হলে কী হবে। এ নামটিই এখন তরুণদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। সালটা ১৯৬১। ইয়ান তাঁর সব উপন্যাস ও ছোটগল্প বগলদাবা করে বিক্রি করে দিলেন হ্যারি সালজম্যানের কাছে। হ্যারি তখন অ্যালবার্ট আর ব্রকলির সঙ্গে মিলে তৈরি করছেন ইয়ন প্রোডাকশন। শুরু হলো জেমস বন্ডকে রুপালি পর্দায় আনার পালা। কিন্তু হ্যারিরা পড়ে যান মুশকিলে। তখন ইয়ান সবেমাত্র লেখা শেষ করেছেন থান্ডারবল উপন্যাসটি। হ্যারি সেটাকেই পর্দায় তুলে আনতে চাইলেন। কিন্তু কেভিন ম্যাকলরি আগেই এটির স্বত্ব কিনে ফেলে। এদিকে ইয়ান হ্যারিদের কাছে তাঁর প্রথম উপন্যাস ক্যাসিনো রয়্যাল-এর স্বত্বও বিক্রি করেননি। অবশেষে সিদ্ধান্ত হলো সিরিজের ষষ্ঠ উপন্যাস ড. নোকে তাঁরা তুলে আনবেন পর্দায়।

ছবির প্রযোজকেরা বারবার চেয়েছেন গুপ্তচরগিরির সঙ্গে জড়িত লোকদের দিয়ে ছবিটি করাতে। তাই চিত্রনাট্য লেখার ভার পড়ে রিচার্ড মাইবাউমের ওপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সৈন্যবাহিনীতে থাকাকালীন তিনি প্রামাণ্যচিত্র করেন যুদ্ধের ওপর। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি লিখে ফেলেন চিত্রনাট্য। শুধু তা-ই নয়, এরপর ফ্রম রাশিয়া উইথ লাভ ও গোল্ডফিঙ্গার ছবিরও চিত্রনাট্য করেছিলেন তিনি। ব্রকলি পরিচালক হিসেবে নেন আরেক যুদ্ধ বিষয়ে অভিজ্ঞকে। তিনি টেরেন্স ইয়াং। যার ছিল গোয়েন্দাগিরিতে অভিজ্ঞতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ট্যাংক কমান্ডার হিসেবে কাজ করেছিলেন। এরপর বাছাই করার পালা জেমস বন্ড কে হচ্ছেন। আইরিশ অভিনেতা প্যাট্রিক ম্যাগুয়ান ছিলেন পরিচালকের প্রথম পছন্দ। চরিত্রহীন মনে হওয়ায় জেমস বন্ড চরিত্রে রাজি হননি তিনি। রিচার্ড জনসনের ইচ্ছে ছিল চরিত্রটি করার। প্রযোজক তাঁকে পছন্দ করেননি। শেষমেশ জেমস বন্ডরূপে প্রযোজকদের পছন্দ হন শন কনোরি। অবশ্য ছবিটির প্রচারের জন্য বন্ডের চরিত্র নিয়ে একটি ভুয়া প্রতিযোগিতাও আয়োজিত হয়েছিল। এখন খোঁজার পালা ভিলেনকে। ইয়ান চেয়েছিলেন তাঁর চাচাতো ভাই ক্রিস্টোফার লিকে দিয়ে করাবেন। তিনি রাজি হননি। প্রযোজক এরপর গেলেন নোয়েল কাওয়ার্ডের কাছে। তিনি যখন চরিত্রের নাম শোনেন ‘ড. নো’, তখন বলেছিলেন, ‘ড. নো? নো! নো! নো! নো!’ শেষমেশ জোসেফ ওয়াইজম্যানকেই দেখা যায় ড. নোর চরিত্রে। প্রথম বন্ড গার্ল হয়েছিলেন উর্সুলা অ্যান্ড্রেস। বন্ড গার্ল হয়েই সিনেমাতে বিখ্যাত হয়ে যান তিনি। রাইজিং স্টার হিসেবে বাগিয়ে নিয়েছিলেন গোল্ডেন গ্লোব। যদিও ইংরেজি ভাষায় দুর্বল থাকায় বেকায়দায় ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

এমনই সব ঝক্কি-ঝামেলা পেরিয়ে তৈরি হয়েছিল বন্ড সিরিজের প্রথম ছবি ড. নো। এত কিছু বলা হলো অথচ ছবির গল্প নিয়ে বলা হলো না কিছুই। থাক না। গল্প জানতে এ সপ্তাহেই দেখে ফেলুন ছবিটি। কারণ ১৯৬২ সালের ৫ অক্টোবর অর্থাৎ আজকের দিনে মুক্তি পেয়েছিল জেমস বন্ড সিরিজের প্রথম চলচ্চিত্রটি।

সূত্র: দ্য নিউ ইয়র্কার, মুভিফন, ফিল্মস্টারফ্যাক্টস ডটকম, দ্য টেলিগ্রাফ, দ্য নিউইয়র্ক টাইমস, ইয়ানফ্লেমিং ডটকম।