'ডাকঘর' নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ডাকঘর অবলম্বনে এবার চলচ্চিত্র তৈরি করছেন লুসি তৃপ্তি গোমেজ। ছবিটির নামও ডাকঘর। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরির জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে অনুদান পেয়েছেন লুসি। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে রবীন্দ্র-সাহিত্য থেকে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। লুসি ছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য আরও অনুদান পেয়েছেন মুস্তাফা মনোয়ার ও টোকন ঠাকুর।
লুসি বলেন, ‘সিদ্ধান্ত আগে হলেও আমরা অনুদানের টাকা পেয়েছি গত ফেব্রুয়ারি মাসে। চুক্তি অনুযায়ী টাকা পাওয়ার চার মাসের মধ্যে ছবি নির্মাণ করতে হবে। কিন্তু আমার ছবিটি সেপ্টেম্বর মাসে করতে পারলে বেশি ভালো হতো। তাহলে রবীন্দ্রনাথের লেখার সঙ্গে আমার ছবিতে প্রকৃতির একটা মিল রাখতে পারতাম। তা না হলে এ মাসেই কাজ শুরু করব।’
লুসি জানান, ছবির নির্মাণ-পূর্ব সব কাজ তিনি শেষ করেছেন। ছবিতে ‘অমল’ চরিত্রে অভিনয় করবেন টোকাই নাট্যদলের রাজু। তাঁকেও চরিত্রটির জন্য পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে। আরও অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রহমতউল্লাহ, ঝুনা চৌধুরী, গাওসুল আলম, বাকার বকুল, সংগীতা চৌধুরী প্রমুখ।