‘ডার্টি পিকচার’ বাংলা রিমেকের বিরুদ্ধে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের ছবি ‘ডার্টি পিকচার’-এর বাংলা রিমেকে অভিনয় করতে যাচ্ছেন বলে কয়েক সপ্তাহ আগে ঘোষণা দিয়েছিলেন রাখি সাওয়ান্ত। ছবিটির প্রযোজক ও পরিচালক হিসেবে তিনি উল্লেখ করেছিলেন প্রখ্যাত বাঙালি অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায়ের নাম। সম্প্রতি ছবিটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ডার্টি পিকচার ছবির প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচার্স। মজার বিষয় হলো, শতাব্দী রায় দাবি করেছেন, এ ধরনের কোনো ছবিই নাকি তিনি বানাচ্ছেন না। এ প্রসঙ্গে বালাজি মোশন পিকচার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা তনুজের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছেন, ‘হ্যাঁ, সম্প্রতি শতাব্দী রায়ের কাছে আমরা আইনি নোটিশ পাঠিয়েছিলাম। কিন্তু এর জবাবে তিনি জানিয়েছেন, ডার্টি পিকচার ছবির বাংলা রিমেক বানানোর কোনো পরিকল্পনাই তাঁর নেই।’ এত কিছুর পরও রাখি কিন্তু তাঁর অবস্থানে অনড় আছেন। তিনি জানিয়েছেন, ‘এ সপ্তাহেই কলকাতা যাচ্ছি ছবিটির শুটিংয়ে অংশ নিতে। অবশ্য শুটিংয়ের চূড়ান্ত দিন-ক্ষণ সম্পর্কে কিছু বলতে পারছি না। কয়েক দিন আগে বিদ্যা বালানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা হয়েছিল। আমরা একই বিমানে মুম্বাই গিয়েছিলাম। বিমানে পাশাপাশি বসেছিলাম আমরা। ছবিটিতে ভালো অভিনয়ের জন্য আমার করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন বিদ্যা। ছবিটি নিয়ে প্রায় এক ঘণ্টা আমরা আলোচনা করেছি।’