‘ডালাস’ নিয়ে ফেরা হলো না ল্যারি হাগম্যানের
সিবিএস চ্যানেলে ১৯৭৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল মার্কিন টিভি সিরিজ ‘ডালাস’। এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রখ্যাত মার্কিন টিভি ও চলচ্চিত্র অভিনেতা ল্যারি হাগম্যান। চলতি বছর তিনি এই সিরিজের সিক্যুয়েলে অভিনয় শুরু করেছিলেন। কিন্তু ‘ডালাস’ নিয়ে ফেরার আগেই না-ফেরার দেশে চলে গেলেন গুণী এ অভিনেতা। দীর্ঘদিন কণ্ঠনালীর ক্যানসারে ভুগে ২৩ নভেম্বর মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।শুক্রবার রাতে ডালাসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ল্যারি। তখন তাঁর পাশে ছিলেন দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী লিন্ডা গ্রে ও প্যাট্রিক ডাফি। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লিন্ডার মুখপাত্র জেফরি লেন বলেন, ‘অন্তিম মুহূর্তে ল্যারির পাশে ছিলেন লিন্ডা। ৩৫ বছর তাঁরা একে-অন্যের বন্ধু ছিলেন। বহু বছর তাঁরা একসঙ্গে অনেক কাজ করেছেন। ল্যারিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন লিন্ডা। তিনি যখন ফোনে আমাকে ল্যারির মৃত্যুর খবরটি দিলেন, তখন তাঁর কণ্ঠস্বর ছিল তীব্র বেদনায় সিক্ত।’ ১৯৯৫ সালে ল্যারির লিভার প্রতিস্থাপন করা হয়েছিল। পরে দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেন এ অভিনেতা। কিন্তু কখনোই তিনি হাল ছেড়ে দেননি। নিজের ভবিষ্যত্ নিয়ে ল্যারি বরাবরই আশাবাদী ছিলেন। ক্যানসারকে পরাস্ত করতে পুরোপুরি নিরামিষভোজী হয়ে গিয়েছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। ক্যানসারের কাছে পরাস্ত হয়ে মৃত্যুকে বরণ করে নিতে বাধ্য হয়েছেন ল্যারি। ল্যারির মৃত্যুতে শোকস্তব্ধ লিন্ডা গ্রে বলেন, ‘আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন ল্যারি। তিনি জীবনকে অনেক ভালোবাসতেন। পরিচিত সব মানুষকে সুখী করার দারুণ এক ক্ষমতা ছিল তাঁর ভেতর। তিনি ছিলেন সৃষ্টিশীল, উদার, প্রতিভাবান, ভালোবাসাপরায়ণ ও মজার একজন মানুষ। তাঁর শূন্যতা কখনোই ভুলতে পারব না আমি।’ ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেছিলেন ল্যারি মার্টিন হাগম্যান। তাঁর মা ছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী মেরি ভার্জিনিয়া মার্টিন। স্কুলজীবনে অভিনয়ের প্রেমে পড়েন ল্যারি। ১৯৪৯ সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর মায়ের পরামর্শে তরুণ ল্যারি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর অভিনীত প্রথম টিভি সিরিজ ‘সার্চ ফর টুমরো’ মুক্তি পায় ১৯৫১ সালে। পরের বছর তিনি ইউএস এয়ারফোর্সে যোগ দেন। ১৯৫৬ সালে চাকরি ছেড়ে দিয়ে আবার ফিরে আসেন অভিনয়ের জগতে। ১৯৫৬ সালে মুক্তি পায় ল্যারি অভিনীত টিভি সিরিজ ‘দ্য এজ অব নাইট’। দুই বছর বাদে মুক্তি পায় তাঁর অভিনীত টেলিছবি ‘দ্য আউটকাস্টস অব পোকার ফ্ল্যাট’। ‘এনসাইন পুলওভার’, ‘স্টারডাস্ট’, ‘দ্য বিগ বাস’, ‘সুপারম্যান’, ‘নিক্সন’, ‘প্রাইমারি কালারস’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ১৯৭২ সালে ‘বিওয়্যার! দ্য ব্লব’ ছবির মাধ্যমে চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ল্যারি। সর্বশেষ ২০১০ সালে তাঁকে ‘ডেসপারেট হাউজওয়াইভস’ টিভি সিরিজে অতিথি চরিত্রে দেখা গেছে।