'ডিসকো শাহীন' আর নেই

বাংলাদেশের প্রথম অডিও অ্যালবাম বেস্ট অব এম এ শোয়েব বেরিয়েছিল ডিসকো রেকর্ডিং থেকে। এর স্বত্বাধিকারী শাহীন রহমান (ডিসকো শাহীন) গতকাল রোববার নিউইয়র্কের একটি নার্সিং হোমে মারা গেছেন। তিনি দীর্ঘ পাঁচ বছর দুরারোগ্য ‘লুগারিক’ রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রথম অ্যালবামের শিল্পী এম এ শোয়েব। তিনি বলেন, ‘শাহীন ছিল আমার দীর্ঘদিনের বন্ধু। জিগাতলায় অডিও ক্যাসেটের দোকান ডিসকো রেকর্ডিংয়ে আমরা একসঙ্গে আড্ডা দিতাম। শাহীনের উদ্যোগেই আমি প্রথম অ্যালবাম বের করার সাহস পাই।’
ডিসকো রেকর্ডিংয়ের দ্বিতীয় অ্যালবাম ছিল শিল্পী কুমার বিশ্বজিতের। তিনি বলেন, ‘আমাদের অডিওশিল্প আজ যেখানে দাঁড়িয়ে, এর ভিত্তি তৈরি হয়েছিল শাহীনের ডিসকো রেকর্ডিং থেকেই। আমার দীর্ঘদিনের বন্ধু শাহীনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’ একইভাবে শোক প্রকাশ করেন শিল্পী এন্ড্রু কিশোর, শুভ্র দেব। তাঁদের দুজনেরও প্রথম অ্যালবাম বেরিয়েছিল ডিসকো রেকর্ডিং থেকে।