'ডুব' শুরু

ভেসে ভেসে অনেক দেশ ঘুরে ডুব এবার তরি ভেড়াল। নিজের দেশ ছাড়া ভারতের কলকাতা ও অস্ট্রেলিয়ায় আজ শুক্রবার একসঙ্গে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই চলচ্চিত্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় হয়ে গেল এর আনুষ্ঠানিক উদ্বোধনী প্রদর্শনী। তারকাবহুল এই আয়োজনে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বিনোদন-দুনিয়ার অনেক বড় তারকারা। ছিলেন ছবির প্রধান চরিত্র বলিউডের ইরফান খান, বাংলাদেশের তিশা, কলকাতার পার্নো মিত্র। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ছবির ভারত অংশের প্রযোজক হিমাংশু ধানুকাও ছিলেন সেখানে। এসেছিলেন ভারতীয় নির্মাতা গৌতম ঘোষ, শিল্পী অনুপম রায়, ঢাকার সাংবাদিক সামিয়া রহমান।
কলকাতার কোয়েস্ট মল আইনক্সে ছবিটির উদ্বোধনী আনুষ্ঠানিকতা শুরু হয় সন্ধ্যা ছয়টায়। ফারুকী, ইরফান, তিশা, পার্নো কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। প্রদর্শনীর আগে কথা হয় অভিনেত্রী তিশার সঙ্গে। তিনি বলেন, তাঁর ভেতর একটু কষ্ট আর কিছুটা ভালো লাগা কাজ করছে। নিজ দেশ থেকে দূরে ছবির উদ্বোধনী প্রদর্শনী হওয়ায় বন্ধু ও কাছের মানুষের অভাববোধ ছিল তাঁর ভেতরে। তবে ভালো লাগার কথা বলতে গিয়ে কেটে যায় তিশার মন খারাপের রেশ। তিনি বলেন, ‘ভালো লাগছে এই ভেবে যে দেশের বাইরে এভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আমাদের দেশের কাজ দেখে সবাই যে প্রশংসা করছে, তা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’
প্রদর্শনী শুরু হওয়ার আগে মজা করে ইরফান খান বলছিলেন, ‘বাংলা ভাষায় কথা বলা খুব কঠিন ছিল। কেমন করেছি, জানি না। আপনারা চাইলে আমার বাংলা বলা নিয়ে মজা করতে পারেন, কিছু মনে করব না।’ বাংলাদেশের দর্শকদের উদ্দেশে ইরফান বলেন, ‘আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। আশা করছি ডুবকে গ্রহণ করে আমাদের পরিশ্রমকে আপনারা সার্থক করবেন।’
ডুব দেখতে এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। তিনি বলেন, ‘ছবিটি দেখার অপেক্ষায় ছিলাম। ফারুকী ভাইয়ের ভক্ত আমি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন দেখে আমি তাঁর ভক্ত হই। পিঁপড়াবিদ্যা তো আমার খুবই প্রিয় ছবি। এবার তাঁর সঙ্গে আছেন আমার আরেক প্রিয় মানুষ ইরফান খান। তাই এই ডুব কীভাবে মিস করি?’
আজ থেকে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ার বেশ কিছু প্রেক্ষাগৃহে চলবে ডুব। শিগগিরই আরও বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে ছবিটি। মোস্তফা সরয়ার ফারুকী জানান, গত জুন মাসে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রদর্শনী হয়। এরপর একে একে আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে ডুব। যৌথ প্রযোজনার এই ছবি ভারত থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান, বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া।
আজ সকালে ফারুকী ও তিশা ফিরছেন দেশে। দলবল নিয়ে ঢাকার প্রেক্ষাগৃহগুলো ঘুরে দেখবেন তাঁরা, জানবেন দর্শকদের অনুভূতি।