'ডেসডিমোনার গলা টিপে ধরেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ন্ত চট্টোপাধ্যায়। ভারতের কলকাতার তারা মিউজিক চ্যানেলে ‘ডাকছে মহুল’ অনুষ্ঠানে আজ বিশেষ অতিথি তিনি

জয়ন্ত চট্টোপাধ্যায়
জয়ন্ত চট্টোপাধ্যায়

জয়ন্তদা, আপনাকে খুঁজছি...
খুঁজলেই পাবে? আমি তো এখন কিশোরগঞ্জে। আশরাফী মিঠুর মাটির পুতুল নাটকের কাজে এসেছি। ব্যাপার কী বলো তো?
তারা বাংলায় ‘ডাকছে মহুল’ অনুষ্ঠানের বিজ্ঞাপনে আপনাকে দেখছি। কবে ঘুরে এলেন কলকাতা থেকে?
গত মাসে। কবি ও বিজ্ঞানী রুদ্রশংকর, তথ্যচিত্রনির্মাতা গৌতম কুলশী আর আবৃত্তিশিল্পী দেবাশীষ চক্রবর্তীর আমন্ত্রণে। সঙ্গে আবৃত্তিশিল্পী ডালিয়া আর ওর বর রানাও ছিল। দেবাশীষ বললেন, দাদা, এই ফাঁকে কিছু কবিতা রেকর্ড করুন। আমি আর ঐশ্বর্য বসু করলাম জয় গোস্বামীর কবিতা, ডালিয়া আর দেবাশীষ করল সুভাষ থেকে পূর্ণেন্দু পত্রী পর্যন্ত সংকলিত কবিতা। সেই সূত্রেই মহুলের সঙ্গে যোগাযোগ।
মহুলের ব্যাপারে কিছু বলুন।
মহুল আসলে একটা আবৃত্তির ব্যান্ড। কসবায় ওদের নিজস্ব স্টুডিও আছে। ক্যামেরা, মিউজিক সব ওদের নিজেদের। পেশাদারি আছে। ব্যবহার খুব ভালো। প্রাণবন্ত রেকর্ডিং হলো। ওদের কাজ দেখে মুগ্ধ হলাম। আমাদের কাজেও হয়তো ওরা হালকা মুগ্ধ হয়েছে, হাহ হাহ হা!
গত বছর ইউরোপ-আমেরিকা ঘুরে বেড়ালেন। তা নিয়ে তো কিছু বললেন না...
সত্যিই দারুণ সে অভিজ্ঞতা! পাঁচটা আবৃত্তির অনুষ্ঠান করেছি। প্রবাসী মা ও শিশুদের জন্য আমেরিকায় ছোট্ট একটা কর্মশালা করেছি। দেশের শিকড়সন্ধান ছিল তার বিষয়। লন্ডনে গ্লোব থিয়েটারে ম্যাকবেথ দেখলাম!
শেকসপিয়ারের বাড়ি যাননি?
শেকসপিয়ারের জন্মস্থান স্ট্র্যাটফোর্ডেও গিয়েছিলাম। স্ট্যার্টফোর্ড সেই ৪০০ বছর আগের রূপ, রস, গন্ধ নিয়েই দাঁড়িয়ে আছে। শেকসপিয়ারের কলম, কলমদানি, ওঁর নিজের লেখা পাণ্ডুলিপি দেখেছি। আর দেখেছি পাথরের চার্চের ভেতর শেকসপিয়ার, তাঁর স্ত্রী, মেয়ে ও মেয়েজামাইকে নিয়ে অন্তিম শয্যায় শুয়ে আছেন।
ম্যাকবেথ থেকে একটু সংলাপ বলতে ইচ্ছে করল না?
করল। ওথেলো থেকে। তাও আবার বাংলায়। স্ট্যার্টফোর্ডে যারা গাইড, তারাও শেকসপিয়ারের কোনো না কোনো চরিত্রের পোশাক পরে আছে। ডেসডিমোনা চরিত্রের মেয়েটি বলল, বাংলা ভাষায় কি ওথেলো হয়েছে। বললাম, হ্যাঁ। বলল, তাহলে বাংলায়ই তুমি সংলাপ বলো, আমি তোমার দেহভাষা থেকে বুঝে নেব, কী বলছ, সেভাবেই আমার সংলাপ বলব। সংলাপ বলা শেষে যখন ডেসডিমোনার গলা টিপে ধরেছি, দেখি ও আর নড়েও না, চড়েও না। অনেকক্ষণ পর চোখ খুলে বলল, এটা রিয়ালিস্টিক অ্যাকটিং। হাহ হাহ হা!
জাহীদ রেজা নূর