'ঢাকা অ্যাটাক' ছবির সঙ্গে এটিএন বাংলা

পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর মিডিয়া পার্টনার হলো এটিএন বাংলা। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এটিএন বাংলার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রযোজক ও স্প্ল্যাশ মাল্টিমিডিয়ার ম্যানেজিং পার্টনার কাওসার আহম্মেদ।
দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, আফজাল হোসেন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ।
জানা গেছে, ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইয়ের প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মালয়েশিয়ার পরিবেশক প্রতিষ্ঠান কিউ-প্লেক্সের সঙ্গে একটি চুক্তি হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানের। পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ আরও কয়েকটি দেশের পরিবেশকদের সঙ্গে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।
পুলিশকে নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। গল্পে পুলিশ আর সবার মতো সাধারণ একজন মানুষ। নিজেদের জীবন বাজি রেখে জনগণকে রক্ষা করে। সঙ্গে আছে অ্যাকশন ও টানটান উত্তেজনা।
ছবির চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত ছবিটি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।