'ঢাকা অ্যাটাক' নিয়ে রোমাঞ্চিত শুভ

‘এ ছবির কথা চিরকাল মনে থাকবে।’ কেন? ‘এই যে পরনে প্যান্টের সঙ্গে বেল্টটা দেখছেন না, এটাও অরিজিনাল, পুলিশের। পোশাক-আশাক থেকে শুরু করে পুলিশের গাড়ি, বেশির ভাগ লোকেশন; সবকিছুই আসল।’— বলছিলেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির নায়ক আরিফিন শুভ। শুধু এটুকু বলেই থামলেন না শুভ। জানালেন, এমনকি গোয়েন্দা অভিযানের দৃশ্যগুলো ধারণ করার সময় পুলিশের আসল অস্ত্রশস্ত্র ও ওয়াকিটকি ব্যবহার করা হচ্ছে। যদিও অস্ত্রগুলো গোলাবারুদ ছাড়া।
‘ঢাকা অ্যাটাক’ ছবিতে ডিবি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার চরিত্রে অভিনয় করছেন শুভ। এ ছবিতে তাঁর নাম আবিদ।
সম্প্রতি ‘ঢাকা অ্যাটাক’ ছবির শুটিং হচ্ছিল মিন্টু রোডের ডিবি কার্যালয়ের মিডিয়া সেন্টারে। ওই দিন সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা গেল মিডিয়া সেন্টারের নিচতলার ব্রিফিং রুমটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিক ও ক্যামেরায় ঠাসা।
সন্ত্রাসীরা নাশকতা সৃষ্টি করার আগেই সরকারের একটি চৌকস গোয়েন্দা দল অভিযান চালিয়ে বেশ কিছু বোমা ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে। বোমা উদ্ধারের এই অভিযান সম্পর্কে সাংবাদিকবৃন্দের সামনে তুলে ধরবেন ডিবি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আবিদ। এমনিই একটি দৃশ্য ধারণের প্রস্তুতি চলছে। তখনো ব্রিফিং মঞ্চে আসেননি শুভ। এগিয়ে গিয়ে মিডিয়া সেন্টারের দোতলায় গ্রিনরুমে পাওয়া গেল তাঁকে। শুটিংয়ের আগে নিজের কস্টিউম ঠিক করে নিচ্ছেন। ফাঁকে ফাঁকে পরিচালকের কাছ থেকে দৃশ্যের সংলাপগুলোও বুঝে নিচ্ছেন তিনি।
ততক্ষণে ওদিকে দৃশ্যধারণের প্রস্তুতি শেষ। হাঁকডাক শুরু হয়েছে। শুভও বেরিয়ে পড়লেন ব্রিফিং রুমের দিকে। যাওয়ার পথেই এ সব বিষয়ে কথা বলছিলেন তিনি।
আরিফিন শুভ বললেন, ‘আর বলবেন না, শুটিং করছি আর আশ্চর্য হচ্ছি। শুটিংয়ে কোনো ডামি ব্যবহার হচ্ছে না বললেই চলে। শুটিংয়ের মধ্যদিয়ে গল্প এগোচ্ছে। আর আমার মনে হচ্ছে, রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যদিয়ে আমি হাঁটছি।’
হাঁটতে হাঁটতেই কথা প্রসঙ্গে শুভ বললেন, ‘এ ধরনের আয়োজনে ঢাকাই চলচ্চিত্রে এখনো কোনো ছবি তৈরি হয়নি। একটা অন্যরকমের ছবি হবে এটি। তাঁর বিশ্বাস ছবিটি দেখতে বসে দর্শকেরা অনেক মজা পাবেন।’
আরিফিন শুভ-এর সঙ্গেই ছিলেন এ ছবির পরিচালক দীপঙ্কর দীপন।
দীপন বললেন, ‘টানা শুটিংয়ের এক সপ্তাহ পার হচ্ছে। ছবির ১৫ ভাগ কাজ প্রায় শেষ হয়েছে।’
‘ঢাকা অ্যাটাক’ ছবিতে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করছেন আফজাল হোসেন, মাহিয়া মাহি, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবি এম সুমন প্রমুখ।