‘ঢাকা টু লন্ডন’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘ঢাকা টু লন্ডন’। আনিসুল হকের রচনা ও কমল চৌধুরীর পরিচালনায় ঢাকা টু লন্ডন নাটকটি ঢাকা ও লন্ডনের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে সপ্তাহে প্রতি বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে আরটিভিতে নাটকটি প্রচারিত হবে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের মিডিয়াবাজার হলে নাটকটির প্রিমিয়ার শো ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, সাংসদ নসরুল হামিদ, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির ও নির্বাহী পরিচালক আশিক রহমান, রিহ্যাবের সাবেক সভাপতি তানভীরুল হক, নাটকটির পরিচালক কমল চৌধুরী এবং নাটকটির অভিনয়শিল্পীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক।নাটকের কাহিনিতে দেখা যাবে, তৌকীর আহমেদ উচ্চশিক্ষিত যুবক। কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে সে হয়ে যায় দেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসী। একটা সময় নিজের নামটাও পরিবর্তন হয়ে যায়। নাটকে হাসান মাসুদকেও দেখা যাবে টপটেররের ভূমিকায়। অন্যদিকে এলাকায় ভিসিডির ব্যবসা করে মুকিত। একদিন মোবাইলের ক্রস কানেকশনে কানকাটা শাকেরের সঙ্গে পরিচয় হয় কলেজে পড়ুয়া মেয়ে তানজিকার। একটা সময় তাদের মধ্যে প্রেম হয়। কানকাটা শাকের একসময় সন্ত্রাসী পথ ছেড়ে দিয়ে লন্ডন চলে যায়। মুকিত তার ব্যবসার ভার আক্কাসকে বুঝিয়ে দিয়ে সেও লন্ডন চলে যায়। লন্ডনে সে একটা হোটেলে বয়ের কাজ করে। এত কষ্টের কাজ তার সহ্য হয় না। তার পরও বাধ্য হয়ে করতে হয়। ঘটনাক্রমে লন্ডনে ছিনতাইকারীর কবলে পড়ে শাকের। এরপর ঘটতে থাকে নানা নাটকীয় সব ঘটনা।ঢাকা টু লন্ডন নাটকের অভিনয়শিল্পীরা হলেন তৌকীর আহমেদ, আজিজুল হাকিম, তানজিকা, হাসান মাসুদ, মুকিত, মাসুদ আলী খান, দিলারা জামান, ইলোরা গহর, শর্মিলী আহমেদ প্রমুখ।