'ঢাকা থেকে টুঙ্গিপাড়া সম্প্রীতি'র শিল্পযাত্রা কাল
বঙ্গবন্ধুর ৪১তম শাহাদতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাতে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় শিল্পযাত্রা করবে সংস্কৃতিসেবীরা। সম্প্রীতি নাট্যোৎসব পর্ষদের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘ঢাকা থেকে টুঙ্গিপাড়া সম্প্রীতি’র শিল্পযাত্রা শুরু হচ্ছে কাল মঙ্গলবার ১৬ আগস্ট।
সম্প্রীতি নাট্যোৎসব পর্ষদের পক্ষে সমন্বয় কমিটির সদস্য মীর জাহিদ হাসান জানান, জাতির জনকের চেতনা ও প্রেরণায় নতুন শক্তি ও সাহসের শপথ নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধে সবাইকে সচেতন করা এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে এ সম্প্রীতির শিল্পযাত্রা।
কাল মঙ্গলবার সকাল আটটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে এ সম্প্রীতির শিল্পযাত্রা উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন রামেন্দু মজুমদার। ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’ শীর্ষক গীতি–আলেখ্য পরিবেশনার মধ্য দিয়ে এ শিল্পযাত্রা শুরু হবে। নাট্যকর্মী কামাল বায়েজীদের নেতৃত্বে সারা দেশের দেড় শতাধিক নাট্য ও সংস্কৃতিজন এ শিল্পযাত্রায় অংশ নিচ্ছেন। পথবিরতিতে মাওয়া ফেরিঘাটে, কাওড়াকান্দি ফেরিঘাটে, গোপালগঞ্জ শহরে এবং জাতির জনকের সমাধিস্থলে পরিবেশিত হবে মহাকাল নাট্য সম্প্রদায় পরিবেশিত গীতি–আলেখ্য ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’ এবং লোক নাট্যদল পরিবেশনা লিয়াকত আলী রচিত ও নির্দেশিত নাটক ‘মুজিব মানে মুক্তি’।
এর মধ্যে ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’ গীতি–আলেখ্যের কাল প্রথম প্রদর্শনী।