‘হে ফেস্টিভ্যাল ঢাকা’ এখন ‘ঢাকা লিটারারি ফেস্ট’। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৯ থেকে ২১ নভেম্বর পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উৎসব।
উৎসবে অংশ নিতে হলে এবার নিবন্ধন করতে হবে। একাডেমি প্রাঙ্গণেই থাকবে নিবন্ধনের ব্যবস্থা। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত।
গতকাল দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উৎসবটি পরিচালনা করবেন সাদাফ সায্ সিদ্দিকী, আহসান আকবর ও কাজী আনিস আহমেদ।
উৎসবে অংশ নেবেন প্রায় ২৫০ জন সাহিত্যিক, শিল্পী, মানবাধিকারকর্মী ও সাংবাদিক। এর মধ্যে বাংলাদেশের বাইরের অংশগ্রহণকারী আছেন ৬০ জন, আসবেন ১৪টি দেশ থেকে। নোবেলজয়ী লেখক ভি এস নাইপলের আসার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণে আসছেন না তিনি।
নোবেল বিজয়ী হ্যারল্ড ভারমাস, ভারতের কথাসাহিত্যিক নয়নতারা শেহগাল, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, নারীবাদী লেখক শোভা দে, পাকিস্তানের মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর, ফিলিস্তিনের কবি ঘাসান জাকতান, ইন্ডিয়া’স ডটারখ্যাত ব্রিটেনের চলচ্চিত্র নির্মাতা লেসলি উডউইন প্রমুখ এ উৎসবে যোগ দেবেন।
উৎসবে প্রকাশিত হবে ব্রিটেনের বিশ্বখ্যাত সাহিত্যবিষয়ক জার্নাল ওয়াসাফিরির বাংলাদেশ সংখ্যা। বাংলাদেশের সাহিত্যকে বিশ্বের কাছে তুলে ধরার উদ্দেশ্যে ঢাকা ট্রান্সলেশন সেন্টারের গ্রন্থাগার উদ্বোধন করা হবে। এ বছর প্রকাশিত হবে সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক ও সৈয়দ মনজুরুল ইসলামের লেখার অনুবাদ।
সংবাদ সম্মেলনে ছিলেন উৎসবের বিশেষ সহযোগী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, সহ-আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, টাইটেল স্পনসর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান, প্লাটিনাম স্পনসর সিটি ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন। সার্বিক আয়োজনে যাত্রিক।