'ঢাকা লিটারারি ফেস্ট' ১৯ নভেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা লিটারারি ফেস্ট’। গত চারবার এটি ‘হে ফেস্টিভ্যাল ঢাকা’ নামে পরিচিত ছিল। তিন দিনব্যাপী বাংলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব চলবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত।
আজ দুপুরে বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সাদাফ সায্‌ সিদ্দিকী, আহসান আকবর ও কাজী আনিস আহমেদের পরিচালনায় আয়োজিত হবে এ উৎসব।
সংবাদ সম্মেলনে তাঁরা ছাড়া আরও বক্তব্য দেন এ উৎসবের বিশেষ সহযোগী বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্‌তারী মমতাজ, সহ আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, টাইটেল স্পনসর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান, প্লাটিনাম স্পনসর সিটি ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন। সার্বিক আয়োজনে আছে যাত্রিক।
আগামী বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত আয়োজিত এ উৎসবে অংশ নেবেন প্রায় ২৫০ জন শিল্পী, সাহিত্যিক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক। এদের মধ্যে বাংলাদেশের বাইরের অংশগ্রহণকারী আছেন ৬০ জন, আসবেন ১৪টি দেশ থেকে। প্রখ্যাত লেখক ভি এস নাইপলের আসার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণে এ উৎসবে তিনি আসতে পারছেন না। তবে উৎসব কর্তৃপক্ষ বলছে, নাইপল আগামী বছরের গোড়ার দিকে বাংলাদেশে আসতে চেয়েছেন। এ ছাড়া ব্যক্তিগত কারণে আরও চারজন আসছেন না। নিরাপত্তাজনিত কারণে আসছেন না ব্রিটেনের সাতজন ও আমেরিকার পাঁচজন শিল্পী-সাহিত্যিক।
অন্যদিকে প্রথমবারের মতো এ উৎসবে আসছেন একজন নোবেল বিজয়ী, হ্যারল্ড ভারমাস। চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাওয়া ভারমাস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন। উৎসবে আরও আসবেন ভারতের কথাসাহিত্যিক নয়নতারা শেহগাল, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, নারীবাদী লেখক শোভা দে, ঔপন্যাসিক অমিত চৌধুরী, কবি অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা, পাকিস্তানের মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর, ফিলিস্তিনের কবি ঘাসান জাকতান, কিউবার বিজ্ঞান বিষয়ক কল্পকাহিনি লেখক ইয়োস, কেনিয়ার শিশু সাহিত্যিক মুথোনি গারল্যান্ড, ব্রিটেনের সাংবাদিক জন স্নো, “ইন্ডিয়া’স ডটার”খ্যাত চলচ্চিত্র নির্মাতা লেসলি উডউইনসহ আরও অনেকে।
ব্রিটেনের বিশ্বখ্যাত সাহিত্যবিষয়ক জার্নাল ‘ওয়াসাফিরি’র বাংলাদেশ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানটি হবে উৎসবের প্রথম দিন। এ সময় উপস্থিত থাকবেন জার্নালের সম্পাদক সুশীলা নাসটা। পরে লন্ডনে আরেকটি প্রকাশনা অনুষ্ঠান করে জার্নালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে। এ সংখ্যায় লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, আফসান চৌধুরীসহ আরও কয়েকজন বাংলাদেশের লেখক।
এ ছাড়া, বাংলাদেশের সাহিত্যকে বিশ্বের কাছে তুলে ধরতে ঢাকা ট্রান্সলেশন সেন্টারের গ্রন্থাগার উদ্বোধন করা হবে এ উৎসবে। এ বছর ঢাকা ট্রান্সলেশন সেন্টার থেকে প্রকাশিত হবে সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক ও সৈয়দ মনজুরুল ইসলামের লেখার অনুবাদ।
এবারের উৎসবে অংশ নিতে সবাইকে রেজিস্ট্রেশন করে উৎসব প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। আয়োজকেরা জানিয়েছেন, এ জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণেই থাকবে পর্যাপ্ত ব্যবস্থা।