'তথ্যমন্ত্রীর ওপর ভরসা করলে চলবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু ও আবু মুসা দেবু
হাসানুল হক ইনু ও আবু মুসা দেবু

‘তথ্যমন্ত্রীর ওপর ভরসা করলে চলবে না। আমরা দেখেছি, উনি আমাদের সামনে মুখে যা বলেন বাস্তবে তিনি তা করেন না।’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্পর্কে এ মন্তব্য করেছেন বাংলাদেশ ফিল্ম এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু। বাংলাদেশে ভারতীয় সিনেমা আমদানি-রপ্তানি বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পরিচালক সমিতি কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

ভারতীয় চলচ্চিত্রের বাংলাদেশে প্রদর্শনী ঠেকাতে আজ রোববার এফডিসিতে বাংলাদেশের চলচ্চিত্রের প্রায় সব সংগঠনই প্রতিবাদ সমাবেশ করে। সেখানে সব সংগঠনের নেতাদের মধ্যে আবু মুসা দেবু তাঁর ক্ষোভের কথাগুলো বলেন। ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে প্রদর্শনী রোধে প্রতিবাদ জানাতে তাঁরা পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন। আবু মুসা দেবু বলেন, ‘আমরা এরই মধ্যে জেনে গেছি, তথ্যমন্ত্রীর ওপর ভরসা করলে চলবে না। অতএব আমাদের তাঁরও ওপরে যেতে হবে। বাংলাদেশের সিনেমা যদি আমরা বাঁচাতে চাই, তাহলে এই মুহূর্তে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে হবে। তার আগ পর্যন্ত আমাদের আন্দোলনও চালিয়ে যেতে হবে।’
ভারতীয় সিনেমা বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে যেসব সংগঠন, সেগুলো হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক সমিতির নেতারা, নৃত্য পরিচালক সমিতি, এডিটরস গিল্ডস অ্যাসোসিয়েশন, মেকআপম্যান অ্যাসোসিয়েশন, প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন, সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাব), ফাইট ডিরেক্টর অ্যাসোসিয়েশন। মতবিনিময় সভায় বক্তাদের সবাই বাংলাদেশে প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি আসার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে। প্রতিবাদ সমাবেশে এসব সংগঠনের নেতারাও বক্তব্য দেন।